আরাকচি: জ্বালানি স্থাপনার ওপর হুমকি যুদ্ধাপরাধের স্বীকারোক্তি
পার্সটুডে - রুশ প্রতিপক্ষের সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশে জ্বালানি স্থাপনায় হামলার মার্কিন হুমকিকে যুদ্ধাপরাধ করার একটি স্পষ্ট স্বীকারোক্তি হিসেবে বর্ণনা করেছেন।
পার্সটুডের তথ্যমতে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আজ (রোববার) এক টেলিফোনালাপে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসক গোষ্ঠীর ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া যুদ্ধ সম্পর্কিত সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে মতবিনিময় করেছেন।
এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী গত ৩৭ দিনে ইরানি জাতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসক গোষ্ঠীর দ্বারা সংঘটিত অপরাধসমূহ যার মধ্যে ইরানের শিল্প ও উৎপাদন পরিকাঠামো, হাসপাতাল, স্কুল, আবাসিক এলাকা, সেইসাথে ইরানের পারমাণবিক স্থাপনা ও কেন্দ্রগুলোর ওপর হামলা অন্তর্ভুক্ত,সেগুলোর বর্ণনা দিতে গিয়ে এই অপরাধগুলোর নিন্দা জানাতে এবং আগ্রাসনকারীদের জবাবদিহিতার আওতায় আনতে সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
তিনি ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে হামলার মার্কিন হুমকির কথাও উল্লেখ করেন এবং এই ধরনের বক্তব্যকে যুদ্ধাপরাধের সুস্পষ্ট স্বীকারোক্তি বলে মনে করেন।আরাকচি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সকল প্রভাবশালী পক্ষকে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে একটি দায়িত্বশীল পন্থা অবলম্বনের আহ্বান জানান এবং যুক্তরাষ্ট্রকে পরিষদকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা থেকে বিরত রাখার কথা বলেন। ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়ে নিজ দেশের নীতিগত অবস্থানের কথা স্মরণ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বেসামরিক লক্ষ্যবস্তু, বিশেষ করে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ওপর অবৈধ হামলা বন্ধ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং সংঘাতের বিস্তার রোধে প্রতিটি সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।#
পার্সটুডে/এমবিএ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।