জ্বালানি স্থাপনার ওপর হুমকি যুদ্ধাপরাধের স্বীকারোক্তি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী
পার্সটুডে- রুশ প্রতিপক্ষের সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের জ্বালানি স্থাপনায় হামলার মার্কিন হুমকিকে যুদ্ধাপরাধ করার একটি স্পষ্ট স্বীকারোক্তি বলে উল্লেখ করেছেন।
পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আজ রবিবার, এক টেলিফোনালাপে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া যুদ্ধসহ সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলী এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে মতবিনিময় করেছেন।
এই টেলিফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, গত ৩৭ দিনে ইরানি জাতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অপরাধযজ্ঞের মধ্যে ইরানের শিল্প ও উৎপাদন পরিকাঠামো, হাসপাতাল, স্কুল, আবাসিক এলাকা, সেইসাথে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। উভয়ে এই অপরাধগুলোর নিন্দা জানাতে এবং আগ্রাসনকারীদের জবাবদিহিতার আওতায় আনতে সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার জরুরি পদক্ষেপ নেয়ার ওপর জোর দিয়েছেন।
তিনি ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে হামলার মার্কিন হুমকির কথা উল্লেখ করেন এবং এই ধরনের বক্তব্যকে যুদ্ধাপরাধের সুস্পষ্ট স্বীকারোক্তি বলে মনে করেন।
আরাকচি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সকল প্রভাবশালী পক্ষকে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে একটি দায়িত্বশীল পন্থা অবলম্বনের এবং যুক্তরাষ্ট্রকে নিরাপত্তা পরিষদকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা থেকে বিরত রাখার আহ্বান জানান।
ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়ে নিজ দেশের নীতিগত অবস্থানের কথা উল্লেখ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বেসামরিক লক্ষ্যবস্তু, বিশেষ করে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অবৈধ হামলা বন্ধ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং সংঘাতের বিস্তার রোধে প্রতিটি সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।#
পার্সটুডে/এমআরএইচ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।