আমেরিকার স্বেচ্ছাচারিতা এবং রাজনৈতিক স্বদিচ্ছার অভাবে ইসলামাবাদে চুক্তি হয়নি: পেজেশকিয়ান
পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে এক টেলিফোন আলাপে বলেছেন: আলোচনায় পক্ষগুলোর মধ্যে বিশেষজ্ঞ পর্যায়ে বোঝাপড়া হওয়া সত্ত্বেও, ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা এবং রাজনৈতিক স্বদিচ্ছার অভাবে শেষ পর্যন্ত চুক্তিটি চূড়ান্ত হয়নি।
তিনি আরও বলেন: ইসলামী প্রজাতন্ত্র ইরান শুধুমাত্র আন্তর্জাতিক আইন ও বিধিবিধানের কাঠামোর মধ্যে এবং ইরানি জনগণের অধিকার রক্ষার লক্ষ্যে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত এবং ইউরোপ একটি গঠনমূলক ভূমিকা পালনের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে এই কাঠামোসমূহ মেনে চলতে উৎসাহিত করতে পারে।
মধ্যপ্রাচ্য পরিস্থিতি ইরানের অবস্থানের কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন: ইরানের নীতি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার করা এবং প্রতিবেশীদের সাথে গঠনমূলক সম্পর্ক উন্নয়নের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।
তিনি স্পষ্ট করে বলেন: হুমকি, চাপ এবং সামরিক হামলার উপর ভিত্তি করে গৃহীত পন্থাগুলো কেবল কোনো সমাধান তো করবে না বরং এসব পন্থা জটিলতা বাড়ায় এবং এতে মার্কিনিদের নিজেদের সৃষ্ট সমস্যাগুলোকে আরও বাড়িয়ে তুলবে। ইসলামী প্রজাতন্ত্র ইরান বিরোধ নিষ্পত্তির জন্য কূটনীতিকে সর্বোত্তম পথ হিসেবে বিবেচনা করে এবং জাতীয় মর্যাদা ও কর্তৃত্ব বজায় রেখে আইনি কাঠামোর মধ্যে সংলাপের জন্য তার প্রস্তুতির কথা ঘোষণা করছে।
ইরানের প্রেসিডেন্ট সামুদ্রিক করিডোরের নিরাপত্তার বজায় রাখার ওপর জোর দেন এবং স্মরণ করিয়ে দেন যে: ইরান সবসময় এই কৌশলগত জলপথে জাহাজ চলাচলের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছে এবং এই অঞ্চলের নিরাপত্তার প্রতি যেকোনো হুমকি বিশ্ব বাণিজ্যের ওপর ব্যাপক প্রভাব ফেলবে।
তিনি আরও বলেন: একই সাথে, ইরান তার জাতীয় স্বার্থের কাঠামোর মধ্যে যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত।
পরিশেষে, যুদ্ধবিরতির বিষয়ে পেজেশকিয়ান বলেন: যুদ্ধবিরতিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের শর্তগুলো স্বচ্ছভাবে ঘোষণা করা হয়েছে এবং কিছু দাবির বিপরীতে, ইরানই তার প্রতিশ্রুতি কঠোরভাবে বাস্তবায়নের ওপর জোর দিয়েছে; যে বিষয়টি পাকিস্তানি কর্মকর্তারাও স্বীকার করেন।#
পার্সটুডে/এমআরএইচ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন