যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতার পুনরাবৃত্তি করতে চাইছে: পেজেশকিয়ান
-
ইরানের প্রেসিডেন্ট এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর টেলিফোআলাপ
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী টেলিফোআলাপে এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী, ইসলামাবাদ আলোচনা এবং যুদ্ধবিরতি সম্পর্কিত বিষয় নিয়ে মতবিনিময় করেছেন।
এই টেলিফোনালাপে মাসুদ পেজেশকিয়ান শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের নিরলস প্রচেষ্টার প্রশংসা করার পাশাপাশি এ ব্যাপারে প্রধানমন্ত্রী এবং দেশের সেনাবাহিনীর সর্বাধিনায়ককে তাদের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান।
আলোচনা চলাকালীন এবং যুদ্ধবিরতিকালীন সময়ে যুক্তরাষ্ট্রের অব্যাহত দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড, জবরদস্তি এবং অযৌক্তিক আচরণের কথা উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরানের বিরুদ্ধে তথাকথিত নৌ অবরোধের মতো মার্কিন অব্যাহত উস্কানিমূলক ও অবৈধ কর্মকাণ্ড যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের পরিপন্থী। তিনি আরও বলেন: ইরানের বিরুদ্ধে মার্কিন কর্মকর্তাদের হুমকিমূলক বক্তব্যের পাশাপাশি এই ধরনের কর্মকাণ্ড আমেরিকার আন্তরিকতা নিয়ে সন্দেহকে কেবল বাড়িয়েই তুলেছে এবং এই সত্যকে আরও স্পষ্ট করে দিয়েছে যে, আমেরিকা পূর্ববর্তী ধারার পুনরাবৃত্তি করতে এবং কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাইছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো নতুন দুঃসাহসিকতার বিরুদ্ধে ইরানি জাতিকে সর্বাত্মকভাবে রক্ষা করার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের দৃঢ় সংকল্পের ওপর জোর দিয়ে পেজেশকিয়ান আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য এই ধরনের পরিস্থিতির পরিণতি ও প্রভাব সম্পর্কে সতর্ক করেন। প্রেসিডেন্ট আরও বলেন: ইসলামী প্রজাতন্ত্র ইরান সুপ্রতিবেশীসুলভ মনোভাব ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় দেশগুলোসহ সকল প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে ও উন্নত করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং আশা করে যে, এই দেশগুলো সাম্প্রতিক অভিজ্ঞতাকে আমলে নিয়ে, আন্তঃআঞ্চলিক শক্তিগুলোর, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের, ধ্বংসাত্মক হস্তক্ষেপ থেকে দূরে থেকে সম্মিলিত সহযোগিতার ভিত্তিতে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা শক্তিশালী করার জন্য কাজ করবে।
এই টেলিফোনালাপে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও এই অঞ্চলে সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠায় তাঁর দেশের প্রচেষ্টার কথা উল্লেখ করে, এ বিষয়ে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে তাঁর সাম্প্রতিক আলোচনার কথা ইরানের প্রেসিডেন্টকে অবহিত করেন। #
পার্সটুডে/এমআরএইচ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন