আরাকচি এবং তার পাকিস্তানি প্রতিপক্ষের মধ্যে টেলিফোনালাপ
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি
পার্সটুডে- ইসলামাবাদে অবস্থিত পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কার্যালয় কিছুক্ষণ আগে ঘোষণা করেছে যে, দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার গত রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. সৈয়দ আব্বাস আরাকচির সাথে টেলিফোনে কথা বলেছেন।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, উভয় পক্ষ আঞ্চলিক পরিস্থিতি এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা পর্যালোচনা করেছে।
পাকিস্তানি পক্ষ ঘোষণা করেছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতা করার ক্ষেত্রে পাকিস্তানের গঠনমূলক ভূমিকা এবং আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে ইসহাক দারও গঠনমূলক ভূমিকা বৃদ্ধিতে পাকিস্তানের অঙ্গীকারের ওপর জোর দিয়েছেন।
পাক পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন: এই অঞ্চলে এবং এর বাইরে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান এবং স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র বাস্তবসম্মত উপায় হলো সংলাপ ও কূটনীতি।
এদিকে, পাকিস্তানি গণমাধ্যম মার্কিন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র ইরানের জাহাজ ‘তুসকা’ এবং এর যাত্রীদের পাকিস্তানের কাছে হস্তান্তর করেছে এবং জাহাজটি ইরানে ফিরে যাবে।
গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ঘোষণা করেছেন: মার্কিন পক্ষ ইরানের প্রস্তাবে সাড়া দিয়েছে। অন্য কথায়, তারা পাকিস্তানি পক্ষকে তাদের মতামত জানিয়েছে। আমরা তাদের মতামত পর্যালোচনা করছি এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব।
ইসলামী প্রজাতন্ত্র ইরান গত শুক্রবার ঘোষণা করেছে যে, চাপিয়ে দেওয়া মার্কিন-ইসরায়েলি যুদ্ধ শেষ করার প্রচেষ্টার উপর ভিত্তি করে তারা পাকিস্তানের কাছে তাদের আলোচনা পরিকল্পনা হস্তান্তর করেছে।
সিবিএস পাকিস্তানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আরও জানিয়েছে যে, ইসলামাবাদ “যুদ্ধ শেষ করার জন্য সাম্প্রতিক মার্কিন শর্তগুলোর বিষয়ে ইরানের সংশোধিত জবাব মার্কিন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে।”#
পার্সটুডে/এমআরএইচ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন