লেবাননের সাথে বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক জোরদার করতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
পার্সটুডে- লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত এবং বেশ কয়েকজন লেবাননি কর্মকর্তা ও নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন পদক্ষেপের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, এই ঘৃণ্য কর্মকাণ্ডের লক্ষ্য হলো লেবাননের জাতীয় সার্বভৌমত্বকে দুর্বল করা এবং দেশের সমাজে রাষ্ট্রদ্রোহিতায় উস্কানি দেওয়া।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈরুতে ইরানের নবনির্বাচিত রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা রউফ শেইবানির ওপর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন ট্রেজারি বিভাগের অবৈধ ও অযৌক্তিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে এবং এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতি, বিশেষ করে রাষ্ট্রসমূহের জাতীয় সার্বভৌমত্বকে সম্মান করার মৌলিক নীতির প্রতি মার্কিন শাসকগোষ্ঠীর অবজ্ঞার আরেকটি উদাহরণ হিসেবে বিবেচনা করেছে।
এ ছাড়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননের প্রতিনিধি পরিষদে হিজবুল্লাহর বেশ কয়েকজন প্রতিনিধি, আমাল আন্দোলনের কর্মকর্তা এবং লেবাননের বেশ কয়েকজন সামরিক ও নিরাপত্তা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, এই জঘন্য পদক্ষেপগুলোর লক্ষ্য হলো লেবাননের জাতীয় সার্বভৌমত্বকে দুর্বল করা এবং লেবাননের সমাজে বিদ্রোহ উস্কে দেওয়া। এটি লেবাননের বিরুদ্ধে চলমান সামরিক আগ্রাসন এবং জঘন্য অপরাধ সংঘটনে আগ্রাসী ও দখলদার ইসরায়েলের সাথে মার্কিন শাসকগোষ্ঠীর অব্যাহত যোগসাজশের একটি লক্ষণ।
বিবৃতিতে বলা হয়েছে, নিঃসন্দেহে, লেবাননের বিভিন্ন গোষ্ঠী ও শ্রেণি জাতীয় ঐক্য ও সংহতি বজায় রেখে লেবাননের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করবে এবং আগ্রাসন প্রতিহত করে ও লেবাননে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটিয়ে এই শাসনকে তার অশুভ লক্ষ্য অর্জনে ব্যর্থ করে দেবে।
ইসলামী প্রজাতন্ত্র ইরান উভয় দেশের স্বার্থ রক্ষার্থে এবং বিভিন্ন ক্ষেত্রে লেবানন প্রজাতন্ত্রের সাথে বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক জোরদার করতে দৃঢ়প্রতিজ্ঞ।#
পার্সটুডে/এমআরএইচ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।