ইরানের সর্বোচ্চ নেতার নির্দেশনাই সংসদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা: কলিবফ
https://parstoday.ir/bn/news/iran-i159878-ইরানের_সর্বোচ্চ_নেতার_নির্দেশনাই_সংসদের_ভবিষ্যৎ_কর্মপরিকল্পনা_কলিবফ
পার্সটুডে: ইরানের সংসদ (মজলিস)-এর স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতাবা খামেনেয়ীর বার্তা তাদের জন্য ভবিষ্যতের দিকনির্দেশনা এবং ১২তম সংসদের কাজের মূল রোডম্যাপ।
(last modified 2026-05-31T12:18:13+00:00 )
মে ৩১, ২০২৬ ১৭:৩৯ Asia/Dhaka
  • মোহাম্মদ বাকের কলিবফ
    মোহাম্মদ বাকের কলিবফ

পার্সটুডে: ইরানের সংসদ (মজলিস)-এর স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতাবা খামেনেয়ীর বার্তা তাদের জন্য ভবিষ্যতের দিকনির্দেশনা এবং ১২তম সংসদের কাজের মূল রোডম্যাপ।

তিনি বলেন, সংসদ এমনভাবে কাজ করবে যাতে দেশের প্রধান সমস্যা এবং জনগণের বাস্তব চাহিদার সঙ্গে সরাসরি সম্পর্ক থাকে। অর্থনীতি ও জীবনমান স্থিতিশীল করার মাধ্যমে জনগণের মধ্যে আশা ও আস্থা তৈরি করাই তাদের লক্ষ্য।

কলিবফ আরও বলেন, সর্বোচ্চ নেতার বক্তব্যগুলো গুরুত্ব দিয়ে অধ্যয়ন করা উচিত। এজন্য সংসদের গবেষণা কেন্দ্র এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এগুলোকে বিষয়ভিত্তিকভাবে সাজিয়ে সংসদ সদস্যদের জন্য সহজভাবে উপস্থাপন করবে।

বাকের কলিবফ জাতীয় ঐক্য বজায় রাখার ওপর জোর দিয়ে বলেন, শত্রুরা ইরানের সমাজে বিভাজন তৈরি করার চেষ্টা করছে, তাই মতভেদ থাকলেও তা যেন দ্বন্দ্ব বা বিভক্তিতে না রূপ নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

স্পিকার তাঁর বক্তব্যের অন্য অংশে দেশের সামরিক ও কূটনৈতিক সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, "সামরিক ময়দানে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আমরা যে সাফল্য পেয়েছি, তার মূল শক্তি হলো এ দেশের জনগণ। কূটনীতির কাজ হলো এই সামরিক বিজয়কে রাজনৈতিক ও আইনি অর্জনে রূপ দেওয়া। আর সরকারের দায়িত্ব হলো এই বিজয়কে কাজে লাগিয়ে জনগণের সমস্যার সমাধান করা।"

কলিবফ স্পষ্ট ভাষায় বলেন, "কূটনৈতিক লড়াইয়ের ময়দানে যারা কাজ করছেন, শত্রুর কোনো ফাঁকা বুলি বা প্রতিশ্রুতির ওপর তাদের বিন্দুমাত্র ভরসা নেই। আমাদের কাছে একমাত্র মাপকাঠি হলো বাস্তবসম্মত ও দৃশ্যমান অর্জন। যতক্ষণ না আমরা শতভাগ নিশ্চিত হচ্ছি যে, ইরানি জনগণের সব অধিকার আদায় করা গেছে, ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করা হবে না।"

পার্সটুডে/এমএআর/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।