আরাকচি: ইরান ও ইরাকের সংহতি গভীর ধর্মীয় ও মানবিক বন্ধনের প্রতিফলন
https://parstoday.ir/bn/news/iran-i160888-আরাকচি_ইরান_ও_ইরাকের_সংহতি_গভীর_ধর্মীয়_ও_মানবিক_বন্ধনের_প্রতিফলন
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ইরাকের নাজাফের গভর্নরের সঙ্গে বৈঠকে ইরানের প্রতি সংহতি ও সমর্থন জানানোর জন্য নাজাফের কর্মকর্তাদের পাশাপাশি শীর্ষ ধর্মীয় নেতৃবৃন্দ এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
(last modified 2026-06-30T00:59:24+00:00 )
জুন ৩০, ২০২৬ ০৯:২৯ Asia/Dhaka
  • আরাকচি: ইরান ও ইরাকের সংহতি গভীর ধর্মীয় ও মানবিক বন্ধনের প্রতিফলন

পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ইরাকের নাজাফের গভর্নরের সঙ্গে বৈঠকে ইরানের প্রতি সংহতি ও সমর্থন জানানোর জন্য নাজাফের কর্মকর্তাদের পাশাপাশি শীর্ষ ধর্মীয় নেতৃবৃন্দ এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি সবোর্চ্চ নেতার শেষ বিদায় অনুষ্ঠান আয়োজনে নাজাফ প্রশাসনের সহযোগিতারও প্রশংসা করেন এবং এই সংহতিকে ইরান ও ইরাকের জনগণের মধ্যে গভীর ধর্মীয় ও মানবিক সম্পর্কের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন।

পার্সটুডে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে, নাজাফের গভর্নর ইউসুফ কানাওয়ি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির সঙ্গে সাক্ষাৎ করেছেন। আরাকচি ইরাকি কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক এবং ইসলামি বিপ্লবের নেতার শেষ বিদায় অনুষ্ঠান সমন্বয়ের উদ্দেশ্যে ইরাক সফর করছেন।

বৈঠকে শহীদ নেতার শেষ বিদায় অনুষ্ঠানের প্রস্তুতি এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিনিধিদল ও জিয়ারতকারীদের আতিথেয়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সমন্বয় নিয়ে আলোচনা হয়।

এ সময় নাজাফের গভর্নর শহীদ নেতার শাহাদাতে গভীর শোক প্রকাশ করে তাঁকে এক অনন্য ও বহুমাত্রিক ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করেন। 

তিনি বলেন, জীবদ্দশায় তিনি সমগ্র মুসলিম বিশ্বের জন্য অসামান্য অবদান রেখেছেন এবং তাঁর শাহাদাত ইসলামী উম্মাহ ও বিশ্বের সব স্বাধীনতাকামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি আরও জানান, নাজাফের স্থানীয় প্রশাসন শেষ বিদায় অনুষ্ঠান সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক, সেবামূলক ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে সম্পূর্ণ প্রস্তুত। তার মতে, এই অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা, যা ইরান ও ইরাকের জনগণের ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

বৈঠকের শেষদিকে পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি আবারও নাজাফের কর্মকর্তা, শীর্ষ ধর্মীয় নেতৃবৃন্দ এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।#

পার্সটুডে/এস এ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।