ইরানে সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয়ে অটুট রাখার ওপর গুরুত্বারোপ
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্ররা এক যৌথ বৈঠকে অংশ নিয়ে বলেন, এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো “ইসলাম, বিপ্লব ও দেশ”—এই তিনটি মূলনীতিকে কেন্দ্র করে ইরানের সশস্ত্র বাহিনীর মধ্যে ঐক্য ও সংহতি আরও সুদৃঢ় করা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার অনুষ্ঠিত এ বৈঠকের উদ্দেশ্য ছিল সেনাবাহিনী ও আইআরজিসির মধ্যে পারস্পরিক সংহতি, সম্প্রীতি ও সমন্বয় আরও জোরদার করা। বৈঠকে উভয় পক্ষ গণমাধ্যম-সংক্রান্ত অভিন্ন বিষয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন উপায় নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ে মতবিনিময় করেন।
বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল, কিছু দেশের পক্ষ থেকে আইআরজিসিকে “সন্ত্রাসী সংগঠন” হিসেবে আখ্যায়িত করার প্রচেষ্টার বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে আইআরজিসির প্রতি দৃঢ় সমর্থন ও সংহতি ঘোষণা। এর মাধ্যমে ইরানের সামরিক শক্তির দুই প্রধান বাহিনীর অবিচ্ছেদ্য ঐক্য আবারও তুলে ধরা হয়।
এছাড়া, বৈঠকে যুদ্ধের সময় ইরানের সশস্ত্র বাহিনীর কার্যক্রম সঠিক, সমন্বিত ও যথাযথভাবে গণমাধ্যমে তুলে ধরার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে যোগাযোগ ও জনসংযোগ খাতে যৌথ কর্মসূচি প্রণয়ন এবং বিভিন্ন গণমাধ্যমে তা বাস্তবায়নের বিষয়ে উভয় পক্ষ একমত হয়।
বৈঠক শেষে অংশগ্রহণকারীরা বলেন, এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো “ইসলাম, বিপ্লব ও দেশ”—এই তিনটি মূলনীতিকে কেন্দ্র করে ইরানের সব সশস্ত্র বাহিনীর ঐক্য ও সংহতির ওপর জোর দেওয়া। তাদের মতে, এই বার্তা দেশটির মূল্যবোধ রক্ষায় এবং শত্রুপক্ষের প্রচারযুদ্ধ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।#
পার্সটুডে/এস এ/ ১৫