বাহরাইনে অ্যামাজনের ডেটা অবকাঠামো ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস
পার্সটুডে- ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, বাহরাইনে অবস্থিত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের কেন্দ্রীয় ডেটা অবকাঠামো তাদের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়েছে।
আইআরজিসির জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে বলা হয়, সর্বশক্তিমান আল্লাহর ওপর ভরসা রেখে এবং "নাসর-২" অভিযানের ২৪তম আক্রমণের অংশ হিসেবে এবং দারখোভেইনে নির্মাণাধীন একটি বেসামরিক স্থাপনায় সাম্প্রতিক মার্কিন বাহিনীর হামলার জবাবে এ অভিযান পরিচালিত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বাহরাইনে অবস্থিত অ্যামাজনের কেন্দ্রীয় ডেটা অবকাঠামোতে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার ফলে স্থাপনাটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।
ইরানের আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছিল, তাদের অবকাঠামোতে হামলা হলে মার্কিন এবং এই অঞ্চলের সব অবকাঠামো ধ্বংস করে দেয়া হবে।
এছাড়া, তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির জনসংযোগ বিভাগ তাদের ৩৬ নম্বর বিবৃতিতে জানায়, "নাসর-২" অভিযানের ২৪তম আক্রমণের দ্বিতীয় ধাপে বৃহৎ আকারের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পথ সুগম করার লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনীর একটি দূরপাল্লার রাডার সাইট, একটি যোগাযোগ কেন্দ্র, স্যাটেলাইট নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে ধ্বংস হয়েছে।
এছাড়া, আলি আল-সালেম বিমানঘাঁটিতে অবস্থিত এমকিউ-৯ ড্রোনের একটি হ্যাঙ্গারেও হামলা চালানো হয়েছে বলে আইআরজিসি'র তথ্য অনুযায়ী, এতে কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবৃতির শেষে আইআরজিসি জানায়, শাস্তিমূলক অভিযান অব্যাহত থাকবে এবং তারা এ জন্য জনগণের দোয়া কামনা করেছে।#
পার্স টুডে/এস এ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।