ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে ইসরায়েল ও ব্রিটেনকে কঠোর হুঁশিয়ারি আইআরজিসির
https://parstoday.ir/bn/news/iran-i161688-ইরান_যুদ্ধে_যুক্তরাষ্ট্রকে_সহায়তা_করলে_ইসরায়েল_ও_ব্রিটেনকে_কঠোর_হুঁশিয়ারি_আইআরজিসির
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের “আগ্রাসী যুদ্ধে” সহযোগিতা ও সহায়তা করার বিষয়ে ইসরায়েল ও ব্রিটেনকে সতর্ক করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি।
(last modified 2026-07-26T07:41:15+00:00 )
জুলাই ২৬, ২০২৬ ১৩:২৮ Asia/Dhaka
  • ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে ইসরায়েল ও ব্রিটেনকে কঠোর হুঁশিয়ারি আইআরজিসির

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের “আগ্রাসী যুদ্ধে” সহযোগিতা ও সহায়তা করার বিষয়ে ইসরায়েল ও ব্রিটেনকে সতর্ক করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি।

রোববার এক বক্তব্যে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি এ সতর্কবার্তা দেন। এর দুই দিন আগে, প্রায় দুই সপ্তাহ ধরে ইরানে ধারাবাহিক বিমান হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র সাময়িকভাবে তাদের হামলা থামিয়েছে বলে মনে হয়।

মোহেব্বি বলেন, ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রভাবিত করে এবং বিভ্রান্তিকর তথ্য সরবরাহের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে সক্রিয় রাখতে চায়। তার দাবি, ইসরায়েল নিজেদের লক্ষ্য অর্জনে মার্কিন শক্তিকে ব্যবহার করছে।

তিনি আরও সতর্ক করে বলেন, ইসরায়েল যদি আবার যুদ্ধে ফিরে আসে, তাহলে ইরান তাদের বিরুদ্ধে অভিযানকে অগ্রাধিকার দেবে এবং ইসরায়েল জানে সে ক্ষেত্রে কী ধরনের প্রতিক্রিয়ার মুখোমুখি হতে পারে।

ব্রিটেনের ক্ষেত্রেও কঠোর সতর্কবার্তা দেন মোহেব্বি। তার দাবি, যুক্তরাষ্ট্রের B-1 বোমারু বিমান পরিচালনায় ব্রিটিশ বিমানঘাঁটির সহযোগিতা অব্যাহত থাকলে সেসব ঘাঁটি ইরানের “বৈধ ও নিশ্চিত লক্ষ্যবস্তু” হিসেবে বিবেচিত হতে পারে। তিনি বলেন, প্রতিটি সম্ভাব্য পরিস্থিতির জন্য ইরানের নির্দিষ্ট পরিকল্পনা প্রস্তুত রয়েছে।

ইরানের দাবি অনুযায়ী, টানা ১৩ রাত যুক্তরাষ্ট্র ইরানে বিমান হামলা চালিয়েছে এবং বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে এসব হামলায় ৫৫ জন নিহত হয়েছে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী পশ্চিম এশিয়াজুড়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্যবস্তুতে ব্যাপক পাল্টা হামলা চালায় বলে দাবি করা হয়েছে।

ইরানের ভাষ্য অনুযায়ী, ১৭ জুন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক (MoU) থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার পর নতুন করে মার্কিন হামলা শুরু হয়। ইরানের বক্তব্যে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল। তবে ৪০ দিন পর ৮ এপ্রিল ইরানের প্রতিরোধ, পাল্টা অভিযান এবং হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণের কারণে প্রতিপক্ষকে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করা হয়।

‘মার্কিন নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

শনিবার মোহেব্বি দাবি করেন, সমঝোতা লঙ্ঘনের পর ইরানের পাল্টা অভিযানে যুক্তরাষ্ট্রের নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা আরও অনেক বেশি। তিনি মার্কিন কর্তৃপক্ষের প্রকাশিত হতাহতের পরিসংখ্যানকে “সম্পূর্ণ মিথ্যা” বলে দাবি করেন এবং বলেন, মার্কিন জনগণের উচিত তাদের সামরিক কমান্ডারদের বিভ্রান্তিকর তথ্য দিয়ে জনগণকে বোকা বানানোর সুযোগ না দেওয়া।#
 

পার্সটুডে/ এমবিএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।