ইরানি এমপি: ট্রাম্প ও রিপাবলিকানরা বড় ধরনের পরাজয়ের মুখে
-
ইরানের পার্লামেন্ট সদস্য মানুচেহের মোত্তাকি
ইরানের পার্লামেন্ট সদস্য মানুচেহের মোত্তাকি বলেছেন, রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে সক্রিয় কৌশল গ্রহণের মাধ্যমে ইরান ট্রাম্প ও রিপাবলিকানদের ওপর বড় ধরনের পরাজয় চাপিয়ে দিতে সক্ষম হবে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, শনিবার রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক বিশেষ আলোচনায় মোত্তাকি বলেন, ইরান এ অঞ্চলের একটি শীর্ষ শক্তি এবং নিজস্ব সক্ষমতার ওপর নির্ভর করে যেকোনো হামলা মোকাবিলায় প্রস্তুত।
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় না; বরং প্রতারণামূলক ও প্রদর্শনমূলক আলোচনার পথ অনুসরণ করছে। তাঁর ভাষ্য, ৪০ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারেনি এবং বর্তমানে কৌশলগত ব্যর্থতার মুখোমুখি। তিনি বলেন, বিচক্ষণতা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে ইরান ট্রাম্প ও রিপাবলিকানদের জন্য আরও বড় পরাজয় বয়ে আনতে পারে। মোত্তাকি ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতার কথা উল্লেখ করে বলেন, দেশটির সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুতিতে রয়েছে এবং ইরানের বিরুদ্ধে যেকোনো হামলার জবাব কঠোর ও নির্ধারক হবে।
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের আঞ্চলিক প্রভাব নিয়ে উদ্বিগ্ন। তাঁর মতে, অভ্যন্তরীণ সক্ষমতা ও জনগণের সমর্থনের কারণে ইরান যেকোনো পরিস্থিতিতে নিজের জাতীয় স্বার্থ রক্ষা করতে সক্ষম। তিনি আরও বলেন, হরমুজ প্রণালি ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি দেশটির কৌশলগত শক্তির প্রতিফলন।
পার্লামেন্ট সদস্যটি উপসাগরীয় দেশগুলোর প্রতিও আহ্বান জানিয়ে বলেন, তাদের উচিত বর্তমান বাস্তবতা উপলব্ধি করা এবং যুক্তরাষ্ট্রের নীতির ওপর নির্ভরতা কমানো।
শেষে তিনি বলেন, ইরান জনগণের ঐক্য ও অভ্যন্তরীণ শক্তির ওপর ভর করে যেকোনো আগ্রাসন মোকাবিলা করবে এবং দেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে।#
পার্সটুডে/এমবিএ/০২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।