পেজেশকিয়ান: ইরান কখনোই আন্তর্জাতিক আইনের বাইরে যায়নি
https://parstoday.ir/bn/news/iran-i162142-পেজেশকিয়ান_ইরান_কখনোই_আন্তর্জাতিক_আইনের_বাইরে_যায়নি
পার্সটুডে-জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জোর দিয়ে বলেছেন, ইরান কোনোভাবেই আন্তর্জাতিক আইনের বাইরে কাজ করেনি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে সবসময় চেষ্টা করে এসেছে।
(last modified 2026-08-12T14:25:04+00:00 )
আগস্ট ১২, ২০২৬ ১৯:৫৪ Asia/Dhaka
  • বুধবার জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে ফোনালাপ করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।
    বুধবার জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে ফোনালাপ করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

পার্সটুডে-জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জোর দিয়ে বলেছেন, ইরান কোনোভাবেই আন্তর্জাতিক আইনের বাইরে কাজ করেনি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে সবসময় চেষ্টা করে এসেছে।

ইরনা-এর বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, বুধবার জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে ফোনালাপে পেজেশকিয়ান যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তা নিয়ে জাপানের ইতিবাচক অবস্থানের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ইরান কখনোই এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়নি। বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর আগ্রাসন, ইসলামি বিপ্লবের নেতা হত্যাকাণ্ড, মিনাবের শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক বেসামরিক নাগরিকের মৃত্যু এবং বেসামরিক অবকাঠামো ধ্বংসের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করেছে।

পেজেশকিয়ান বলেন, ইরান কোনোভাবেই আন্তর্জাতিক আইনের বাইরে যায়নি এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সবসময় সচেষ্ট থেকেছে। তিনি আশা প্রকাশ করেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় জাপানের কূটনৈতিক প্রচেষ্টা সফল হবে এবং আগ্রাসী শক্তিগুলোর যুদ্ধ ও সহিংসতা ঠেকাতে ভূমিকা রাখবে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও যুদ্ধের অবসানে কূটনৈতিক পদ্ধতির প্রতি টোকিওর সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এটি ইরান ও পুরো অঞ্চলের দীর্ঘমেয়াদি স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তাকাইচি হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের আলোচনায় অগ্রগতিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, আলোচনা সফলভাবে শেষ হলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পথ দ্রুত পুনরায় খুলে দেওয়া হবে।

জাপানের প্রধানমন্ত্রী একই সঙ্গে বাব আল-মান্দাব প্রণালিতে উত্তেজনা বৃদ্ধি ঠেকাতে ইরানের প্রভাব কাজে লাগানোর জন্য পেজেশকিয়ানের প্রতি আহ্বান জানান। ফোনালাপের শেষদিকে দুই দেশের নেতারা আলোচনা অব্যাহত রাখা এবং দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও উন্নয়নের ব্যাপারে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।#
 

পার্সটুডে/এমবিএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।