এখানকার দেশগুলোকেই মিলে মিশে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
-
আরাকচি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ‘গ্লোবাল ডায়ালগ ফোরামে’ জোর দিয়ে বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা এই অঞ্চলের দেশগুলোর নিজেদেরই নিশ্চিত করতে হবে।
পার্সটুডে জানিয়েছে, শনিবার ‘বিশ্বব্যাপী পরিবর্তনের আহ্বান: উন্নয়নকে অগ্রাধিকারের কেন্দ্রে ফিরিয়ে আনা, মানবিক মর্যাদা পুনরুদ্ধার এবং অস্থির বিশ্বে ন্যায়বিচার পুনর্গঠন’ শীর্ষক সম্মেলনে বক্তব্য দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, পশ্চিম এশিয়ায় কয়েক দশকের বিদেশি হস্তক্ষেপ, সামরিক চাপ এবং অবিরাম যুদ্ধ একটি অনস্বীকার্য সত্য প্রমাণ করেছে—সামরিক হস্তক্ষেপ নিরাপত্তা সৃষ্টি করে না এবং চাপ ও জবরদস্তি শান্তি প্রতিষ্ঠা করে না, বরং আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে যুদ্ধকে স্বাভাবিক করে তোলা হয়েছে, যার ফলে সংঘাত ও স্থায়ী বিরোধের একটি ধারাবাহিকতা তৈরি হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে একটি বিপজ্জনক ধারা তৈরি হয়েছে। সামরিক শক্তিকে আর শেষ উপায় হিসেবে ব্যবহার করা হচ্ছে না; বরং এটি অঞ্চলের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিকে নতুনভাবে সাজানোর একটি স্থায়ী ব্যবস্থায় পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের সামরিক আগ্রাসনও এই কাঠামোর মধ্যেই বোঝা যায়। এটি ছিল একটি অবৈধ, অন্যায় ও আগ্রাসী যুদ্ধ, যার আগে কোনো ধরনের উসকানি ছিল না।
তিনি জোর দিয়ে বলেন, বর্তমান বিশ্বে আগের যেকোনো সময়ের তুলনায় প্রকৃত, কার্যকর ও ন্যায়সঙ্গত বহুপাক্ষিকতার প্রয়োজন বেশি। বৈশ্বিক পরিবর্তনের জন্য বর্তমান গতিপথ পরিবর্তনে রাজনৈতিক সদিচ্ছা ও সাহস প্রয়োজন—সামরিকতাবাদ থেকে টেকসই উন্নয়নের দিকে, হস্তক্ষেপবাদ থেকে জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মানের দিকে, সম্মিলিত শাস্তি থেকে বেসামরিক নাগরিকদের সুরক্ষার দিকে, নির্বাচিত জবাবদিহিতা থেকে সর্বজনীন ন্যায়বিচারের দিকে এবং অবিরাম যুদ্ধ থেকে টেকসই শান্তির দিকে এগিয়ে যেতে হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়ায় টেকসই নিরাপত্তা বাইরের কোনো শক্তি চাপিয়ে দিতে পারে না। আঞ্চলিক নিরাপত্তার মালিকানা এই অঞ্চলের দেশগুলোরই হওয়া উচিত।
তিনি বলেন, এই অঞ্চলের দেশগুলোর নিজেদের নিরাপত্তা, স্থিতিশীলতা, উন্নয়ন ও অভিন্ন ভবিষ্যৎ নিয়ে আলোচনার সুযোগ থাকতে হবে এবং বিদেশি শক্তির হস্তক্ষেপ ছাড়াই নিজেদের সমাধান নিজেদের খুঁজে বের করতে হবে।#
পার্সটুডে/এসএ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।