শক্তিশালী ও স্বাধীন ইরানি সভ্যতা নিয়েই যুক্তরাষ্ট্রের যত সমস্যা: বেলায়েতি
https://parstoday.ir/bn/news/iran-i163844-শক্তিশালী_ও_স্বাধীন_ইরানি_সভ্যতা_নিয়েই_যুক্তরাষ্ট্রের_যত_সমস্যা_বেলায়েতি
পার্সটুডে- ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তব্যের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “আপনাদের সমস্যা ইসলামী বিপ্লব নিয়ে নয়; বরং শক্তিশালী ও স্বাধীন ইরানি সভ্যতা নিয়ে।”
(last modified 2026-10-10T14:42:15+00:00 )
অক্টোবর ১০, ২০২৬ ২০:৪০ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়েতি
    ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়েতি

পার্সটুডে- ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তব্যের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “আপনাদের সমস্যা ইসলামী বিপ্লব নিয়ে নয়; বরং শক্তিশালী ও স্বাধীন ইরানি সভ্যতা নিয়ে।”

ইরানের বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়েতি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অ্যাকাউন্টে লিখেছেন, রুবিওর সাম্প্রতিক বক্তব্যে একটি স্পষ্ট স্ববিরোধিতা রয়েছে। প্রাচীন গ্রিসে ‘শেষ ব্যক্তি পর্যন্ত’ প্রতিরোধ করাকে প্রশংসা করা হয়, অথচ ইরানের মহান জাতির প্রতিরোধকে ‘মৃত্যুর উপাসনাকারী সম্প্রদায়’ বলে অবজ্ঞা করা হয়।

তিনি জোর দিয়ে বলেন, “নিজেদের লোকদের প্রতিরোধের প্রশংসা করা আর অন্যদের প্রতিরোধকে হেয় করা কোনো সভ্যতার পরিচয় নয়; এটি আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে দর্শনের অপব্যবহার, মি. রুবিও!”

বেলায়েতি তাঁর বক্তব্যের শেষাংশে লিখেছেন, “ইসলামী বিপ্লব নিয়ে আপনাদের সমস্যা নয়। আপনাদের সমস্যা শক্তিশালী ও স্বাধীন ইরানি সভ্যতাকে নিয়ে। যারা কিনা হিরোশিমা, ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তানের বিপর্যয় ঘটিয়েছে, তাদের নৈতিকতার শিক্ষা দেওয়ার কোনো অধিকার নেই!”

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গ্রিসের রাজধানী এথেন্সের অ্যাক্রোপলিসে দেওয়া এক বক্তব্যে ইরানের সভ্যতা সম্পর্কে বিকৃত ও অবমাননাকর মন্তব্য করেন। প্রাচীন গ্রিস ও পারস্যের যুদ্ধ নিয়ে গ্রিক ঐতিহাসিক বর্ণনার হলিউডধর্মী উপস্থাপনায় তিনি দাবি করেন, খ্রিষ্টপূর্ব ৪৮০ সালে ইরানিরা গ্রিস আক্রমণ করে এবং সেখানে লুটপাট চালায়।#

পার্সটুডে/এমআরএইচ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।