ইরান, রাশিয়া ও তুরস্ককে একযোগে কাজ করতে হবে: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i17029-ইরান_রাশিয়া_ও_তুরস্ককে_একযোগে_কাজ_করতে_হবে_জারিফ
আঞ্চলিক সংকট নিরসনে ইরান, রাশিয়া ও তুরস্কের ভূমিকার কথা স্মরণ করে এই তিন দেশকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এ আহ্বান জানিয়ে বলেছেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিভিন্ন বিষয় মতপার্থক্য থাকলেও তা আলোচনার মাধ্যমে দূর করা সম্ভব।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১২, ২০১৬ ১৩:১৭ Asia/Dhaka
  • জাওয়াদ জারিফ ও চাভুসওগ্লু
    জাওয়াদ জারিফ ও চাভুসওগ্লু

আঞ্চলিক সংকট নিরসনে ইরান, রাশিয়া ও তুরস্কের ভূমিকার কথা স্মরণ করে এই তিন দেশকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এ আহ্বান জানিয়ে বলেছেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিভিন্ন বিষয় মতপার্থক্য থাকলেও তা আলোচনার মাধ্যমে দূর করা সম্ভব।

আঙ্কারা সফররত জারিফ আজ (শুক্রবার) তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। গত ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর এই প্রথম ইরানের কোনো পদস্থ কর্মকর্তা আঙ্কারা সফরে গেলেন।

যৌথ সংবাদ সম্মেলনে জারিফ জানান, তুরস্ক ও ইরানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বাধাগুলো অপসারণের বিষয়ে তিনি তুর্কি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। তবে এখনো আঙ্কারা ও তেহরানের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। এসব মতপার্থক্য দূর করার জন্য আরো আলোচনা প্রয়োজন বলে তিনি জানান।

এ সময় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী তার দেশের সাম্প্রতিক ব্যর্থ সেনা অভ্যুত্থানের সময় প্রেসিডেন্ট এরদোগানের নেতৃত্বাধীন সাংবিধানিক সরকারের প্রতি সমর্থন জানানোর জন্য তেহরানকে ধন্যবাদ জানান। চাভুসওগ্লু বলেন, বিশ্বের প্রথম দেশ হিসেবে ওই সেনা অভ্যুত্থান প্রচেষ্টার নিন্দা জানিয়েছে ইরান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২