ইরানি তেল দিয়ে কৌশলগত রিজার্ভ তৈরি করবে ভারত
https://parstoday.ir/bn/news/iran-i20740-ইরানি_তেল_দিয়ে_কৌশলগত_রিজার্ভ_তৈরি_করবে_ভারত
ভারত তার কৌশলগত তেল রিজার্ভের জন্য ইরানের কাছ থেকে ৬০ লাখ ব্যারেল তেল কিনবে। সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে নয়াদিল্লির তেল কেনার আলোচনা ‘বাণিজ্যিক কারণে’ স্থগিত হয়ে যাওয়ার পর ভারতীয় শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ খবর দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০১৬ ০৩:৩৭ Asia/Dhaka
  • ইরানি তেল দিয়ে কৌশলগত রিজার্ভ তৈরি করবে ভারত

ভারত তার কৌশলগত তেল রিজার্ভের জন্য ইরানের কাছ থেকে ৬০ লাখ ব্যারেল তেল কিনবে। সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে নয়াদিল্লির তেল কেনার আলোচনা ‘বাণিজ্যিক কারণে’ স্থগিত হয়ে যাওয়ার পর ভারতীয় শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ খবর দিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের তিনটি সূত্র জানিয়েছে, আগামী অক্টোবর ও নভেম্বর মাসে ইরানের জাতীয় তেল কোম্পানির কাছ থেকে ৬০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল কিনবে নয়াদিল্লি। এই তেল দিয়ে ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ম্যাংগালোর শহরে স্থাপিত ভূগর্ভস্থ তেলের রিজার্ভ ট্যাংকারের অর্ধেক পূর্ণ করা হবে।

সূত্রগুলো জানিয়েছে, ৬০ লাখ ব্যারেলের মধ্যে ‘ভারত পেট্রোলিয়াম কোম্পানি’ কিনবে ৪০ লাখ ব্যারেল এবং ‘ম্যাংগালোর পেট্রোক্যামিকেল কোম্পানি’ কিনবে বাকি ২০ লাখ ব্যারেল তেল। তবে ইরানের কাছ থেকে কি দামে এই তেল কেনা হবে তা ভারতীয় সূত্রগুলো জানায়নি।

গত বছর পাশ্চাত্যের সঙ্গে তেহরানের পরমাণু সমঝোতা সই হওয়ার পর ইরানের তেল বিক্রির পরিমাণ বেড়ে যায়।  ইরান বলেছে, দেশটি নিজের তেল রপ্তানিকে  নিষেধাজ্ঞা আরোপের আগের অবস্থায় নিয়ে যেতে চায়। এখনই তেল উত্তোলনের ওপর সীমাবদ্ধতা আরোপ করা হবে না বলেও জানিয়েছে তেহরান। গত আগস্ট মাসে ভারতে ইরানের তেল রপ্তানি গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে পরিসংখ্যান থেকে জানা গেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২১