সন্ত্রাস-বিরোধী আন্তর্জাতিক জোটের অংশ ইরান: রাশিয়া
-
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
ইরান সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে আমেরিকা যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে রাশিয়া। মস্কো বলেছে, সন্ত্রাস-বিরোধী আন্তর্জাতিক জোটে ইরানকে শামিল করতে হবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সোমবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে কখনোই ইরানের কোনো সম্পর্ক ছিল না।
তিনি বলেন, “দায়েশ অথবা আন-নুসরা ফ্রন্ট কিংবা এসব গোষ্ঠীর সঙ্গে সম্পর্কযুক্ত কোনো গোষ্ঠীর সঙ্গে কোনোদিনও ইরানের সম্পর্ক ছিল না। এ ছাড়া, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকায় যাদের নাম আছে তাদের সঙ্গেও তেহরান কখনো সম্পর্ক রাখেনি।”
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়া সরকারের অনুরোধে সাড়া দিয়ে দেশটিতে দায়েশ বিরোধী যুদ্ধে অংশ নিয়েছে ইরান। তিনি সন্ত্রাস বিরোধী এমন একটি আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান জানান যেখানে সব দেশের অংশগ্রহণ থাকবে। ল্যাভরভ বলেন, সে ধরনের কোনো জোট গঠিত হলে ইরান অবশ্যই তার অংশ হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক বক্তব্যের জবাব দিতে গিয়ে এ প্রতিক্রিয়া জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী। ট্রাম্প রোববার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ইরান ‘বিশ্বের এক নম্বর সন্ত্রাসবাদী রাষ্ট্র।’ এ ছাড়া, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস শনিবার দাবি করেন, ‘সন্ত্রাসবাদের সমর্থক বিশ্বের সবচেয়ে বড় দেশের নাম ইরান। ’
মার্কিন কর্মকর্তাদের এ ধরনের বাগাড়ম্বরের জবাবে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার বলেছেন, “আমরা এ ধরনের কাল্পনিক দাবিকে সমর্থন করি না।”#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭