জর্দানের রাজা একটি কৌশলগত ও মৌলিক ভুল করেছেন: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i35900-জর্দানের_রাজা_একটি_কৌশলগত_ও_মৌলিক_ভুল_করেছেন_ইরান
একটি মার্কিন পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে জর্দানের রাজা ইরান বিরোধী যে বক্তব্য দিয়েছেন তাকে ‘অসংলগ্ন ও সস্তা কথা’ বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ওই সাক্ষাৎকারে রাজা আব্দুল্লাহ ইরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা দেয়ার অভিযোগ আনেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৯, ২০১৭ ০০:৩৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

একটি মার্কিন পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে জর্দানের রাজা ইরান বিরোধী যে বক্তব্য দিয়েছেন তাকে ‘অসংলগ্ন ও সস্তা কথা’ বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ওই সাক্ষাৎকারে রাজা আব্দুল্লাহ ইরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা দেয়ার অভিযোগ আনেন।

এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, জর্দানের রাজা সন্ত্রাসবাদের সংজ্ঞা তুলে ধরতে গিয়ে একটি কৌশলগত ও মৌলিক ভুল করেছেন। তার বক্তব্যে মনে হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাপ্রবাহ উপলব্ধি করতে তিনি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

কাসেমি বলেন, জর্দানের কত সংখ্যক নাগরিক দায়েশসহ অন্যান্য রক্তপিপাসু জঙ্গি গোষ্ঠীতে যোগ দিয়েছে রাজা আব্দুল্লাহ’র উচিত আগে সে সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করা। এরপর তার ইরান সম্পর্কে মন্তব্য করা উচিত। কারণ, ইরান মধ্যপ্রাচ্যে উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করছে এবং এ অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরাইল মধ্যপ্রাচ্যসহ গোটা মুসলিম বিশ্বের প্রধান সমস্যা ও নিরাপত্তাহীনতার মূল উৎস।  সেই ইসরাইলকে স্বীকৃতি দিয়ে জর্দান পুরো মধ্যপ্রাচ্যকে নিরাপত্তাহীন করে রাখতে সহযোগিতা করেছে। এ অবস্থায় জর্দানের রাজা ইরানকে সন্ত্রাসবাদের সমর্থক অভিহিত করে যে বক্তব্য দিয়েছেন তা রীতিমতো হাস্যকর ও দুঃখজনক।

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের সমাধান কেন হচ্ছে না তা একটি আরব দেশের রাজার এ ধরনের শিশুসুলভ বক্তব্য থেকে সহজেই অনুমান করা যায় বলে তিনি মন্তব্য করেন। বাহরাম কাসেমি বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে যদি জর্দানের রাজা এতটাই উদ্বিগ্ন হয়ে থাকেন তবে তার উচিত এ অঞ্চলের ইতিহাস, ভূগোল ও যুক্তিবিদ্যা সম্পর্কে কিছুটা অধ্যয়ন করা।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯