আরাকচি: পরমাণু সমঝোতা লঙ্ঘন করে যাচ্ছে আমেরিকা
-
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তার দেশের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করে যাচ্ছে আমেরিকা। তিনি বলেছেন, গত দেড় বছরে আমেরিকার সাবেক ও বর্তমান সরকার এই সমঝোতার বিপরীতে বহু পদক্ষেপ নিয়েছে।
গত ৮ জুন মার্কিন সিনেট ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দিয়েছে। এ সংক্রান্ত বিলটি প্রতিনিধি পরিষদেও অনুমোদিত হলে এবং মার্কিন প্রেসিডেন্ট তাতে স্বাক্ষর করলে তেহরানের বিরুদ্ধে নতুন এক গুচ্ছ নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন।
এ সম্পর্কে আরাকচি আরো বলেছেন, পরমাণু সমঝোতার ২৬ ও ২৯ নম্বর ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, আমেরিকা সৎ উদ্দেশ্য নিয়ে এই সমঝোতা বাস্তবায়ন করবে। সেইসঙ্গে সফলভাবে এই সমঝোতা বাস্তবায়নে বিঘ্ন সৃষ্ট হয় এমন যেকোনো পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকবে ওয়াশিংটন।
কিন্তু মার্কিন সিনেট যে বিল অনুমোদন করেছে তা এই দুই ধারার লঙ্ঘন। প্রতিনিধি পরিষদেও এটি অনুমোদিত হয় কিনা তা ইরান গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে আরাকচি জানান।
২০১৬ সালের জানুয়ারি মাসে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার বাস্তবায়ন শুরু হলেও মার্কিন সরকার গোড়া থেকেই এই সমঝোতা লঙ্ঘন করে আসছে। এই সমঝোতা বাস্তবায়ন তদারকির জন্য দু’পক্ষের যৌথ পর্যবেক্ষণ কমিটির পরবর্তী বৈঠক আগামী মাসে অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে ইরান আমেরিকার স্ববিরোধী আচরণের প্রতিবাদ জানাবে বলে আরাকচি জানিয়েছেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২