সৌদি মিথ্যা দাবি নাকচ করল ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
ইরানে ২০১৬ সালে সৌদি দূতাবাস ও কনস্যুলেট ভবনে হামলার ঘটনা তদন্তের জন্য দেশটির কর্মকর্তাদেরকে প্রবেশের অনুমতি দেয়া হয় নি বলে রিয়াদ যে অভিযোগ করেছে তা নাকচ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি গতকাল (মঙ্গলবার) জানিয়েছেন, মিশনগুলোতে যাওয়ার জন্য গত মাসে সৌদি কর্মকর্তাদের ভিসা দেয়া হয়েছে।
সোমবার সৌদি আরবের একজন কর্মকর্তা দাবি করেন, তেহরানে দূতাবাস ও মাশহাদ শহরে কনস্যুলেট ভবনে হামলার ঘটনা পূর্ণাঙ্গভাবে তদন্তের বিষয়ে ইরান সরকার বার বার বাধা দিচ্ছে। সৌদি প্রেস এজেন্সি বা এসপিএ খবরটি দিয়েছে।
এ খবর প্রত্যাখ্যান করে কাসেমি বলেন, “এসব ভ্রান্ত ও মিথ্যা বক্তব্য। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তার সঙ্গে সমন্বয় ছাড়াই এ বক্তব্য দেয়া হয়েছে বলে মনে হচ্ছে।” তিনি আরো জানান, সৌদি আরবের কূটনৈতিক মিশনে হামলার ঘটনা তদন্তের জন্য দেশটির সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে তেহরান এবং তার আলোকে সৌদি কর্তাদের জন্য এক মাস আগে ভিসা ইস্যু করা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব তাদের ইরানে আসার জন্য একটি বিশেষ বিমানেরও অনুমতি দেয়া হয়েছে। এসব কর্মকর্তার রোববার তেহরান পৌঁছানোর কথা ছিল কিন্তু তারাই অনুরোধ করে এ সফর পিছিয়েছেন। তারা বলেছেন, ইরানে আসার জন্য তাদের আরো প্রস্তুতির প্রয়োজন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২