ইরানি হজ্বযাত্রীরা সৌদি আরবে অনুকূল পরিবেশে রয়েছেন: ক্বাজি আসগারি
https://parstoday.ir/bn/news/iran-i44430-ইরানি_হজ্বযাত্রীরা_সৌদি_আরবে_অনুকূল_পরিবেশে_রয়েছেন_ক্বাজি_আসগারি
ইরানি হজ্বযাত্রীরা অনুকূল পরিবেশে সৌদি আরবের মক্কা ও মদীনা শহরে ইবাদত-বন্দেগিতে মশগুল রয়েছেন বলে খবর দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার হজ্ব বিষয়ক প্রতিনিধি ক্বাজি আসগারি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৯, ২০১৭ ০২:৫৬ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতার হজ্ব বিষয়ক প্রতিনিধি ক্বাজি আসগারি
    ইরানের সর্বোচ্চ নেতার হজ্ব বিষয়ক প্রতিনিধি ক্বাজি আসগারি

ইরানি হজ্বযাত্রীরা অনুকূল পরিবেশে সৌদি আরবের মক্কা ও মদীনা শহরে ইবাদত-বন্দেগিতে মশগুল রয়েছেন বলে খবর দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার হজ্ব বিষয়ক প্রতিনিধি ক্বাজি আসগারি।

তিনি বলেছেন, সৌদি কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ইরানি হাজিদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন এবং তাদেরকে সার্বিক সহযোগিতা করছেন।  ক্বাজি আসগারি ইরানি হজ্বযাত্রীদের সঙ্গে বর্তমানে মদীনা মুনাওয়ারায় অবস্থান করছেন।

২০১৫ সালের মিনা ট্রাজেডির প্রতিবাদে এবং সৌদি আরবের অসহযোগিতার কারণে গত বছর কোনো ইরানি নাগরিক হজ্বে যাননি। চলতি বছর ইরানের হজ্বযাত্রীদের নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতি দেয়ার পর ইরান হজ্বযাত্রী পাঠাতে সম্মত হয়।

ইরানের হজ্ব ও জিয়ারত সংস্থার প্রধান হামিদ মোহাম্মাদি

এদিকে মক্কা মুকাররমায় অবস্থানরত ইরানের হজ্ব ও জিয়ারত সংস্থার প্রধান হামিদ মোহাম্মাদি বলেছেন, এ বছরের হজ্বে বিশেষ করে মিনা ও রামিয়ে জামারাতে ইরানি হাজ্বিদের নিরাপত্তা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। তিনি বলেন, এ বছর কোনো হজ্বযাত্রী নির্ধারিত সময়ের আগে মিনা থেকে জামারাতের দিকে হাঁটা শুরু করতে পারবেন না।

মোহাম্মাদি বলেন, সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে এ বছর মিনা থেকে জামারাতের দিকে রওনা দেয়ার সময় নির্ধারিত হয়েছে জিলহাজ্ব মাসের ১০ তারিখ সকাল সাড়ে ১০টা। তার আগে কেউ যেন নিজেদের তাবু থেকে বের না হয়।  

২০১৫ সালে মিনা থেকে জামারাতের যাওয়ার পথে সৌদি অব্যবস্থাপনার কারণে ভিড়ের চাপে হাজার হাজার হজ্বযাত্রী নিহত হন যাদের মধ্যে ইরানি নাগরিক ছিলেন ৪৬৪ জন।

চলতি বছর ইরানের ৮৬,৫০০ নাগরিক হজ্বব্রত পালন করছেন। গত ৩০ জুলাই থেকে ইরানের হজ্ব ফ্লাইট শুরু হয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯