নিউইয়র্কে সন্ত্রাসী হামলার নিন্দা জানাল ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
আমেরিকার নিউইয়র্কে পাশবিক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। সেইসঙ্গে হতাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি নিউইয়র্কের এ সন্ত্রাসী হামলার নিন্দা জানান। আমেকিরার নিউ ইয়র্ক শহরে এক চালক তার পিক-আপ ট্রাকটি নিয়ে ফুটপাথ ও সাইকেল চালনার জন্য ব্যবহৃত বিশেষ রাস্তার ভেতর ঢুকে পড়ে হামলা চালায়। এতে আট ব্যক্তি নিহত এবং অপর ১১ জন আহত হওয়ার পর ইরানের পক্ষ থেকে নিন্দা জানানো হলো।
সাইফুল্লো হাবিবুল্লায়েভিচ নামের ২৯ বছর বয়সি ওই যুবক উজবেকিস্তানের নাগরিক এবং তাকে পায়ে গুলি করে আটক করা হয়েছে বলে মার্কিন পুলিশ জানিয়েছে।
কাসেমি বলেন, রাস্তায় এবং জনগণের জন্য উন্মুক্ত স্থানে নিরস্ত্র বেসামরিক ব্যক্তিদের ওপর পাশবিক হামলা চালানোর সন্ত্রাসী গোষ্ঠীর জঘন্য কৌশলই প্রমাণ করছে, তারা কি মাত্রায় বর্বর এবং বেপরোয়া। তিনি আরো বলেন, এ হামলা ইরানি জনগণের ওপর সংঘঠিত ভয়াবহ হামলাগুলোর কথা স্মরণ করিয়ে দিচ্ছে।
এ মুখপাত্র বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদেশগুলো নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য মধ্যপ্রাচ্যে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে সৃষ্টি করেছে এবং তাদের লালন পালন এবং পৃষ্ঠপোষকতা দিয়েছে। আর ওয়াশিংটনের এসব নীতির কারণেই বিশ্বে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ছে।"
সন্ত্রাসীদের মোকাবেলায় সবদেশ অত্যন্ত জোরালো এবং সৎ পদক্ষেপ নিলেই কেবল সন্ত্রাসবাদ নির্মূল করা যাবে বলেও মন্তব্য করেন কাসেমি।#
পার্সটুডে/বাবুল আখতার/১