লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগ: শুরু হল ইরানের বিরুদ্ধে আরেকটি নতুন খেলা
https://parstoday.ir/bn/news/iran-i48186-লেবাননের_প্রধানমন্ত্রীর_পদত্যাগ_শুরু_হল_ইরানের_বিরুদ্ধে_আরেকটি_নতুন_খেলা
লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি অপ্রত্যাশিতভাবে পদত্যাগ করেছেন। বিস্ময়ের ব্যাপার হচ্ছে সৌদি আরবে বসে তিনি পদত্যাগের ঘোষণা দিলেন। আল আরাবিয়া টিভি চ্যানেলে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং অস্থিতিশীলতা সৃষ্টির জন্য তিনি সরাসরি ইরান ও হিজবুল্লাহকে দায়ী করেছেন।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
নভেম্বর ০৫, ২০১৭ ১৫:৩১ Asia/Dhaka

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি অপ্রত্যাশিতভাবে পদত্যাগ করেছেন। বিস্ময়ের ব্যাপার হচ্ছে সৌদি আরবে বসে তিনি পদত্যাগের ঘোষণা দিলেন। আল আরাবিয়া টিভি চ্যানেলে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং অস্থিতিশীলতা সৃষ্টির জন্য তিনি সরাসরি ইরান ও হিজবুল্লাহকে দায়ী করেছেন।

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি কেন রিয়াদে বসে পদত্যাগের ঘোষণা দিলেন এবং কেনইবা ইরানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন সেটাই এখন সবার প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তরে বলা যায়, রিয়াদে সাদ হারিরির এ ঘোষণাকে সৌদি আরবের পক্ষ থেকে বিশেষ বার্তা হিসেবে দেখা হচ্ছে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলা যায়, সৌদি কর্মকর্তাদের বিভিন্ন কথাবার্তা থেকে বোঝা যায়, লেবাননসহ মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টির মূল হোতা সৌদি আরব ইরানের বিরুদ্ধে নতুন খেলা শুরুর পায়তারা করছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এক বিবৃতিতে মধ্যপ্রাচ্যে ইরানের ভূমিকা নিয়ে সাদ হারিরির সমালোচনামূলক বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, "সাদ হারিরির পদত্যাগ সৌদি আরব, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের ষড়যন্ত্রের ফসল এবং এর মূল লক্ষ্য হচ্ছে- লেবানন ও মধ্যপ্রাচ্যকে নতুন করে উত্তেজনাকর পরিস্থিতির মুখে ঠেলে দেয়া।" বাহরাম কাসেমি আরো বলেছেন, "ইরান সবসময় আঞ্চলিক দেশগুলোর শান্তি ও নিরাপত্তা সুরক্ষার বিষয়টি নিয়ে ভাবে এবং তেহরান মনে করে এসব দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নতির সঙ্গে ইরানের স্বার্থ জড়িত। এ কারণেই ইরান এ অঞ্চলে নিরাপত্তাহীনতা, অস্থিতিশীলতা, চরমপন্থি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করাকে এত বেশি গুরুত্বের সঙ্গে নিয়েছে।"

রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, দায়েশ সন্ত্রাসীদের পরাজয়ের পর এ অঞ্চলের আরব দেশগুলোতে নতুন করে গোলযোগ বাধানোর চেষ্টা করছে আমেরিকা। লেবাননের ষ্ট্র্যাটেজিক স্টাডিজ ইন্সটিউটের প্রধান সামি নাদের এ ব্যাপারে বলেছেন, "ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ লেবানন সরকারের একটি অংশ এবং সংসদে হিজবুল্লাহর প্রতিনিধিদের অবস্থান দুর্বল করাই প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগের উদ্দেশ্য।"

ইরানের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ আসগার যারেঈ বার্তাসংস্থা ইরনাকে দেয়া সাক্ষাতকারে ইরানের বিরুদ্ধে সাদ হারিরির বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, লেবাননকে রক্ষায় ইরানের প্রচেষ্টা ও সমর্থনের কারণে সৌদি আরব প্রচণ্ড ক্ষুব্ধ। আর সে কারণে নতুন করে মিথ্যা অপবাদ দিয়ে মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা ও উত্তেজনা সৃষ্টির দায় ইরানের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে রিয়াদ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির হঠাৎ পদত্যাগের বিষয়ে বলেছেন, তিনি আঞ্চলিক কুচক্রি মহলের হয়ে খেলছেন।” কাসেমি বলেন, “এ খেলায় আরব কিংবা মুসলমানরা কেউ জিতবে না বরং জিতবে ইহুদিবাদী ইসরাইল যে কিনা এ অঞ্চলের মুসলিম দেশগুলোর ভেতরে ও বাইরে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।”

এতে কোনো সন্দেহ নেই যে, লেবানন, ইরাক ও সিরিয়ায় চলমান প্রতিরোধ যুদ্ধ অত্যন্ত স্পর্শকাতর অবস্থানে এসে ঠেকেছে এবং তাকফিরি দায়েশ সন্ত্রাসীদের দিন শেষ হয়ে এসেছে। এ অবস্থা আমেরিকা, ইসরাইল ও সৌদি আরব কিছুতেই মেনে নিতে পারছে না। এ কারণে তারা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ শক্তিগুলোকে দুর্বল করার চেষ্টা করছে। #

পার্সটুডে/মো. রেজওয়ান হোসেন/৫