দায়েশের পরাজয়ে আমেরিকা বিস্মিত ও উদ্বিগ্ন: ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের পরাজয়ে আমেরিকা বিস্মিত এবং উদ্বিগ্ন হয়ে পড়েছে।
বাহরাম কাসেমি বলেন, "ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযোগের পুনরাবৃত্তি প্রমাণ করছে যে ইরাক এবং সিরিয়ায় উগ্র গোষ্ঠী দায়েশের পরাজয়ে হয় আমেরিকা ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে রেখেছে অথবা দেশ দু'টিতে দায়েশের আধিপত্য শেষ হয়ে যাওয়ায় তারা বিস্মিত এবং উদ্বিগ্ন হয়ে পড়েছে। সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ইরান বিরোধী বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
কাসেমি বলেন, "ইরান সন্ত্রাসবাদে সমর্থন দিচ্ছে বলে এমন সময় আমেরিকার পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যখন তেহরান এ অঞ্চলের নিরাপত্তাকে তার 'নিজস্ব নিরাপত্তা হিসেবে' গণ্য করে আসছে। মধ্যপ্রাচ্যে শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে ইরান গত পাঁচ বছর ধরে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে ইরাক ও সিরিয়ার সরকার এবং জনগণের পাশে রয়েছে।"
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের ইতিবাচক ভূমিকার কথা কোনো একক ব্যক্তি বা রাষ্ট্র অস্বীকার করতে পারবে না। আমেরিকার প্রতারণামূলক এবং আগ্রাসী নীতির কারণে এ অঞ্চলে অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতা এবং সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ছে বলেও মন্তব্য করেন কাসেমি।#
পার্সটুডে/বাবুল আখতার/৩০