১৬ দায়েশ জঙ্গিকে আটক করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i52079-১৬_দায়েশ_জঙ্গিকে_আটক_করল_ইরান
ইরানের পশ্চিমাঞ্চলে ঝটিকা অভিযান চালিয়ে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের ১৬ সদস্যকে আটক করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এ সময় সংঘর্ষে বেশ কয়েকজন জঙ্গির পাশাপাশি আইআরজিসি’র তিন সদস্য নিহত হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৮, ২০১৮ ০৩:৩৮ Asia/Dhaka
  • ইরানের নিরাপত্তা বাহিনী (ফাইল ছবি)
    ইরানের নিরাপত্তা বাহিনী (ফাইল ছবি)

ইরানের পশ্চিমাঞ্চলে ঝটিকা অভিযান চালিয়ে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের ১৬ সদস্যকে আটক করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এ সময় সংঘর্ষে বেশ কয়েকজন জঙ্গির পাশাপাশি আইআরজিসি’র তিন সদস্য নিহত হয়েছেন।

আইআরজিসি’র স্থলবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার এ অভিযান চালায়। ২১ সদস্যের একটি দায়েশ জঙ্গি দল পশ্চিম (তুরস্ক) সীমান্ত দিয়ে ইরানের অনুপ্রবেশ করেছে বলে খবর পেয়ে এ অভিযান চালানো হয়।

আইআরজিসি’র স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর জানিয়েছেন, অভিযানে কয়েকজন দায়েশ জঙ্গি নিহত এবং তাদের ১৬ জনকে আটক করা হয়েছে। সংঘর্ষে আইআরজিসি’র তিন সদস্য শহীদ হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর

জেনারেল পাকপুর বলেন, দায়েশ জঙ্গিরা ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন শহরে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিল।

এর আগে চলতি মাসের গোড়ার দিকে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছিল, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত পশ্চিম আজারবাইজান প্রদেশে জঙ্গিদের একটি আস্তানা গুঁড়িয়ে দেয়ার পাশাপাশি এর সদস্যদের আটক করা হয়েছে। ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সৃষ্ট বিক্ষোভ উস্কে দিতে ওই জঙ্গিরা এদেশে অনুপ্রবেশ করেছিল।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮