রাসায়নিক হামলার অভিযোগ ‘ষড়যন্ত্রমুলক ও অযৌক্তিক’: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i55528-রাসায়নিক_হামলার_অভিযোগ_ষড়যন্ত্রমুলক_ও_অযৌক্তিক’_ইরান
বিশ্বের যেকোনো দেশে যে কারো পক্ষ থেকে রাসায়নিক হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরান বলেছে, সিরিয়ার পূর্ব গৌতা এলাকায় রাসায়নিক হামলার জন্য দেশটির সেনাবাহিনীকে দায়ী করা ‘ষড়যন্ত্রমুলক ও অযৌক্তিক।’
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ০৯, ২০১৮ ০১:৪৮ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

বিশ্বের যেকোনো দেশে যে কারো পক্ষ থেকে রাসায়নিক হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরান বলেছে, সিরিয়ার পূর্ব গৌতা এলাকায় রাসায়নিক হামলার জন্য দেশটির সেনাবাহিনীকে দায়ী করা ‘ষড়যন্ত্রমুলক ও অযৌক্তিক।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি রোববার রাতে বলেছেন, সিরিয়ার সেনাবাহিনী যখন পূর্ব গৌতার প্রায় গোটা এলাকা সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করে ফেলেছে তখন তাদের পক্ষ থেকে রাসায়নিক হামলার কোনো যুক্তি নেই।

তিনি বলেন, আমেরিকা ও কিছু ইউরোপীয় দেশের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ প্রমাণ করে সিরিয়া সরকারের বিরুদ্ধে তারা নতুন কোনো ষড়যন্ত্র আঁটছে। পশ্চিমা শক্তিগুলো সিরিয়ার সরকার ও জনগণের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে যেতে চায়।

কাসেমি বলেন, সিরিয়ায় সামরিক আগ্রাসন চালানোর জন্য এ ধরনের অজুহাতকে ব্যবহার করলে তা দেশটির পাশাপাশি গোটা অঞ্চলের পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। সিরিয়ায় আগ্রাসন চালালে জঙ্গিরা উসকানি পাবে যা মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তাকে বিপন্ন করে তুলতে পারে।

পূর্ব গৌতা এলাকায় সিরিয়ার পতাকা উত্তোলন করছেন একজন সেনা সদস্য

সিরিয়ায় তৎপর জঙ্গি গোষ্ঠীগুলোর পাশাপাশি তাদের সমর্থক কথিত মানবাধিকার সংগঠনগুলি শনিবার দাবি করে, সিরিয়ার সেনাবাহিনী ওইদিন পূর্ব গৌতার বৃহত্তম শহর দুমায় রাসায়নিক অস্ত্র বহনকারী ব্যারেল বোমা নিক্ষেপ করেছে যার ফলে কয়েক ডজন মানুষ হতাহত হয়েছে।

দামেস্ক তাৎক্ষণিকভাবে এক বিবৃতি প্রকাশ করে কঠোর ভাষায় ওই অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী জেইশুল ইসলাম পূর্ব গৌতায় সেনাবাহিনীর অগ্রাভিযান প্রতিহত করার লক্ষ্যে এ অভিযোগ উত্থাপন করেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯