ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে অবস্থান নিন: আয়াতুল্লাহ আ'রাফি
ইরানের আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রধান আয়াতুল্লাহ আলি রেজা আ'রাফি বলেছেন, বিশ্বের সব দেশের উচিত দখলদার ইসরাইলের অমানবিক অাচরণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা।
আজ (মঙ্গলবার) ভারতের সংখ্যালঘু কমিশনের প্রধান সৈয়দ গাইয়ুর হাসান রিজভীর সঙ্গে সাক্ষাতে এ আহ্বান জানান।
আয়াতুল্লাহ আরাফি বলেন, প্রতিনিয়ত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বর্বর হামলা বেড়ে চলেছে এবং পবিত্র বায়তুল মুকাদ্দাসে তারা মার্কিন দূতাবাস খুলেছে। আন্তর্জাতিক আইন, জাতিসংঘের প্রস্তাব ও বিশ্ব জনমতকে উপেক্ষা করে মার্কিন দূতাবাস চালুর এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে বাধাগ্রস্ত করেছে।
তিনি আরো বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান সর্বশক্তি দিয়ে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এ অবস্থান আগামীতে আরো শক্তিশালী হবে।
বায়তুল মুকাদ্দাসে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে গতকাল গাজায় বিক্ষোভ চলাকালে ইসরাইলি বাহিনীর বর্বর গুলিবর্ষণে ৬০ জন শহীদ ও তিন সহস্রাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।#
পার্সটুডে/মো.আবু সাঈদ/আশরাফুর রহমান/১৫