অভ্যন্তরীণ সম্ভাবনা দিয়ে মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলা করব: ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, অভ্যন্তরীণ সম্ভাবনা ও আন্তর্জাতিক সক্ষমতার ওপর ভর করে তার দেশ মার্কিন একতরফা নিষেধাজ্ঞা মোকাবেলা করতে পারে। তিনি আরো বলেন, আমেরিকার স্বীকার করা উচিত যে, দেশটি সারা বিশ্বে তার অবস্থান ক্ষুণ্ন করেছে।
ইরানের তেল বিক্রির অধিকার ছিনিয়ে নেয়া হবে বলে আমেরিকার একজন শীর্ষ কর্মকর্তা যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়ায় ইরানের বার্তা সংস্থা ইরনাকে বুধবার দেয়া এক সাক্ষাৎকারে বাহরাম কাসেমি এসব কথা বলেন।
তিনি বলেন, মনে হচ্ছে যেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভুলে গেছেন যে, আগের দিনগুলোর চেয়ে বিশ্ব এখন বদলে গেছে। এজন্য তিনি প্রযুক্তির উন্নয়নকে ধন্যবাদ দেন। এছাড়া, আন্তর্জাতিক ও রাজনৈতিক ইস্যুতে জনমতের ভূমিকার কথা তুলে ধরেন তিনি।
বাহরাম কাসেমি বলেন, আমেরিকার ব্যর্থ ও একতরফা নীতি অব্যাহত রাখা এবং জোরদার করা উচিত নয় যা নির্বচানী প্রচারণার সময় সমালোচনার ইস্যুতে পরিণত হয়েছে। আমেরিকা অনেক দেশের জন্য সমস্যা তৈরি করতে পারে কিন্তু বিভিন্ন দেশের জনগণ তাদের নিজেদের স্বার্থ বিবেচনা করবে। এছাড়া, আমেরিকা অন্য দেশগুলোর সঙ্গে যে অপমানজনক ব্যবহার করে তাও মানুষ বিবেচনায় নেবে এবং চূড়ান্তভাবে এ ধরনের ব্যবহার বিশ্বের মানুষ ভবিষ্যতে সহ্য করবে না। বাহরাম কাসেমি বলেন, নিজের ইচ্ছা অন্যের ওপর চাপিয়ে দেয়ার অধিকার কোনো দেশের নেই।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮