গণবিধ্বংসী অস্ত্র জিইয়ে রাখার জন্য দায়ী আমেরিকা ও ইসরাইল: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i59670-গণবিধ্বংসী_অস্ত্র_জিইয়ে_রাখার_জন্য_দায়ী_আমেরিকা_ও_ইসরাইল_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, আগ্রাসী দুই অপশক্তি রাসায়নিক অস্ত্র জিইয়ে রাখার জন্য দায়ী। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সারদাশত শহরে রাসায়নিক বোমা হামলার বার্ষিকী উপলক্ষে দেয়া এক বার্তায় তিনি আজ এ মন্তব্য করেন। জারিফ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের অপকীর্তির ইতিহাস রয়েছে। এ অঞ্চলে রাসায়নিক অস্ত্র নির্মূল না হবার জন্য তারাই দায়ী।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ২৮, ২০১৮ ১৪:৩১ Asia/Dhaka
  • জাওয়াদ জারিফ
    জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, আগ্রাসী দুই অপশক্তি রাসায়নিক অস্ত্র জিইয়ে রাখার জন্য দায়ী। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সারদাশত শহরে রাসায়নিক বোমা হামলার বার্ষিকী উপলক্ষে দেয়া এক বার্তায় তিনি আজ এ মন্তব্য করেন। জারিফ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের অপকীর্তির ইতিহাস রয়েছে। এ অঞ্চলে রাসায়নিক অস্ত্র নির্মূল না হবার জন্য তারাই দায়ী।

১৯৮৭ সালের ২৮ জুনে ইরাকের বাথ সরকার ইরানের সীমান্তবর্তী শহর সারদাশতে রাসায়নিক বোমা হামলা চালিয়েছিল। ওই হামলায় ১১৯ জন বেসামরিক ইরানি শহীদ হয় এবং আট হাজারের বেশি রাসায়নিক বিষক্রিয়ায় আক্রান্ত হয়।

বার্তায় আরও বলা হয়েছে, অতীতের ভুলের পুনরাবৃত্তি করে সাম্রাজ্যবাদী শক্তিগুলো এখনও দায়েশের মতো সন্ত্রাসীদেরকে বিষাক্ত ও রাসায়নিক অস্ত্রশস্ত্রে সজ্জিত করে যাচ্ছে। আর সন্ত্রাসীরা সেসব বিষাক্ত অস্ত্র ইরাক ও সিরিয়ায় এখনও ব্যবহার করছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরান রাসায়নিক অস্ত্রের সবচেয়ে করুণ শিকার বলে উল্লেখ করেন ড. জারিফ। তিনি পশ্চিমা কোনো কোনো সরকারের দ্বিমুখি নীতি এবং রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা এনপিটির রাজনৈতিক আচরণের সমালোচনা করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা রাসায়নিক অস্ত্র নিরস্ত্রিকরণ বিষয়ক কনভেনশন সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে। কনভেনশনের নীতির প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমেরিকার উচিত আন্তর্জাতিক পরিদর্শকদের তত্ত্বাবধানে তাদের সকল রাসায়নিক অস্ত্র ধ্বংস করে ফেলা।

ড. জারিফ বলেন, মধ্যপ্রাচ্যে গণবিধ্বংসী মারণাস্ত্র নির্মূলের পথে বাধা হলো আমেরিকা এবং ইসরাইল। তাদের নিন্দা জানানোর পাশাপাশি বিশ্ব সমাজের উচিত পারমাণবিক অস্ত্র, রাসায়নিক অস্ত্র এবং বায়োলজিক্যাল অস্ত্রসহ সকল গণবিধ্বংসী মারণাস্ত্র ধ্বংস করার জন্য ঐক্যবদ্ধভাবে তাদের ওপর চাপ সৃষ্টি করা।#

পার্সটুডে/নাসির মাহমুদ/২৮