মার্কিন প্রতিবেদন বিদ্বেষপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i59767-মার্কিন_প্রতিবেদন_বিদ্বেষপূর্ণ_ও_রাজনৈতিক_উদ্দেশ্যপ্রণোদিত_ইরান
মানব পাচার বিষয়ে ইরানকে জড়িয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের সর্বশেষ প্রতিবেদন প্রত্যাখান করেছে ইরান। দেশটি বলেছে, ওয়াশিংটনের সাম্প্রতিক ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতেই তেহরানের বিরুদ্ধে এ প্রতিবেদন ছেপেছে আমেরিকা।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ০২, ২০১৮ ১৪:১১ Asia/Dhaka
  • মার্কিন প্রতিবেদন বিদ্বেষপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ইরান

মানব পাচার বিষয়ে ইরানকে জড়িয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের সর্বশেষ প্রতিবেদন প্রত্যাখান করেছে ইরান। দেশটি বলেছে, ওয়াশিংটনের সাম্প্রতিক ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতেই তেহরানের বিরুদ্ধে এ প্রতিবেদন ছেপেছে আমেরিকা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ (সোমবার) বলেছেন, "মানব পাচার বিষয়ে  ইরানসহ  কিছু দেশের  বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্র দফতরের বিদ্বেষী, পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদনে মিথ্যা ও বানোয়াট  তথ্য ব্যবহার করা হয়েছে এবং এটা আমরা অত্যন্ত ঘৃণাভরে প্রত্যাখান করছি।" 

তিনি আরো বলেন, এ ধরনের প্রতিবেদন প্রকাশের মাধ্যমে মার্কিন প্রশাসন মূলত ওয়াশিংটনের আধিপত্যবাদী ও ধ্বংসাত্মক নীতি থেকে বিশ্বের জনমতের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টায় লিপ্ত রয়েছে। কারণ আমেরিকার এসব নীতি বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং আফ্রকায় মানব পাচারকারীদের সংঘবদ্ধ অপরাধযজ্ঞ ছড়িয়ে দেয়া ও প্রসারের ক্ষেত্রে সীমাহীন সুযোগ সৃষ্টি করেছে।

কাসেমি মানব পাচার বিশেষ করে বিশ্বব্যাপী নারী ও শিশুদের ওপর ক্রমবর্ধমান সহিংসতা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি সংঘবদ্ধ অপরাধযজ্ঞের ওপর ভিত্তি করে কিছু দেশকে জড়িয়ে মার্কিন প্রতিবেদন নাকচ করে দেন তিনি। মুখপাত্র কাসেমি আরো বলেন, মানব পাচারসহ সংঘবদ্ধ অপরাধের বিষয়ে কিছু স্বাধীন দেশকে জড়িয়ে আমেরিকার একতরফা এবং বিদ্বেষী প্রতিবেদন কেবল আন্তজার্তিক রীতি নীতি বিরোধী নয় বরং এ ধরনের পদক্ষেপ এসব অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রচেষ্টার পথে বাধা সৃষ্টি করবে। তিনি বলেন, বিশ্বে একতরফা নীতি চাপিয়ে দেয়ার জন্য ওয়াশিংটনকেই জবাবদীহী করতে হবে।#

পার্সটুডে/বাবুল আখতার/২