ক্ষেপণাস্ত্র দিয়ে যাত্রীবাহী বিমান ধ্বংসের কথা ইরানিরা ভুলবে না: ইরান
-
বাহরাম কাসেমি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, যাত্রীবাহী বিমানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার কথা ইরানিরা কখনো ভুলবে না। ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলার ৩০তম বার্ষিকী উপলক্ষে তিনি আজ এ কথা বলেন।
১৯৮৮ সালের ৩ জুলাই ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইরানের একটি যাত্রীবাহী বিমান ধ্বংস করে দেয় মার্কিন নৌবাহিনী। পারস্য উপসাগরে ইরান উপকূলের সমুদ্রসীমায় ঢুকে ‘ভিনসেন্স’ নামের একটি মার্কিন যুদ্ধ জাহাজ ওই সন্ত্রাসী হামলা চালায়। ফলে বিমানটির ২৯৮ জন আরোহীর সবাই প্রাণ হারান। বিমানটিতে ছিল ৬৬টি শিশু ও ৫৩ জন মহিলা । বিদেশি নাগরিক ছিল ৪৬ জন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, আমেরিকা প্রকাশ্যে আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করে চলেছে। ইরানের যাত্রীবাহী বিমান ধ্বংসের ঘটনা মার্কিন বর্বরতার জন্য কলঙ্ক। আমেরিকা যে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী তা প্রমাণের জন্য এটুকু তথ্যই যথেষ্ট যে, ইরানের যাত্রীবাহী বিমানে হামলা চালিয়ে ২৯০ জন মানুষকে হত্যার পরও এ জন্য একবারও দুঃখ প্রকাশ করে নি মার্কিন সরকার। উল্টো তারা যুদ্ধজাহাজের ক্যাপ্টেনকে পুরস্কৃত করেছে।
বাহরাম কাসেমি বলেন, ইরানসহ বিভিন্ন দেশ ও জাতির সঙ্গে আমেরিকার আচরণ বিশ্লেষণ করলে এটা সহজেই বোঝা যায় যে, এই দেশটি সব সময় মানবতাবিরোধী তৎপরতার ক্ষেত্রে অন্য সব দেশকে ছাড়িয়ে গেছে।
নিজের অবৈধ স্বার্থ ও লক্ষ্য হাসিলের জন্য তারা মানবাধিকার ইস্যুকে অপব্যবহার করছে বলেও তিনি উল্লেখ করেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩