পরমাণু সমঝোতা বিষয়ে সংসদে ব্রিফ করলেন পররাষ্ট্রমন্ত্রী জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া তার দেশের পরমাণু সমঝোতা বাস্তবায়নের প্রক্রিয়া বিষয়ে জাতীয় সংসদে একটি প্রতিবেদন পেশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে পরমাণু সমঝোতা থেকে বের করে নেয়ার পর সংসদে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেন জারিফ।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি গতকাল (বুধবার) জানিয়েছেন যে গত মঙ্গলবার বহুপক্ষীয় পরমাণু সমঝোতা বাস্তবায়নের সর্বশেষ পরিস্থিতি বিষয়ে সংসদের জাতীয় নিরাপত্তা বিভাগে এবং পররাষ্ট্র নীতি কমিশনে ১০ম ত্রৈমাসিক প্রতিবেদন জমা দেয়া হয়েছে। কাসেমি বলেছেন, প্রতিবেদনে গত তিন মাসে পরমাণু সমঝোতাকে ঘিরে সার্বিক পরিস্থিতি মার্কিন প্রশাসনের অবৈধ এবং একতরফা পদক্ষেপের ফলে সৃষ্ট প্রভাব সম্পর্কে তুলে ধরা হয়েছে। এছাড়া, প্রতিবেদনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে ইরানের বিরুদ্ধে আমেরিকার ধ্বংসাত্মক ও বিদ্বেষী নীতি জোরদার হওয়ার পাশাপাশি ওয়াশিংটনের মাধ্যমে অব্যাহতভাবে পরমাণু সমঝোতা লঙ্ঘনের কথাও তুলে ধরা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, প্রতিবেদনে চলমান প্রক্রিয়া এবং সক্ষমতার অধীনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ন্যায় সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নেয়া পদক্ষেপ সম্পর্কেও বিস্তারিত বলা হয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১৯