ইরানকে মোকাবেলা করার অবস্থানে নেই আমেরিকা: বাসিজ প্রধান
https://parstoday.ir/bn/news/iran-i60280-ইরানকে_মোকাবেলা_করার_অবস্থানে_নেই_আমেরিকা_বাসিজ_প্রধান
ইরানের স্বেচ্ছাসেবী সংগঠন বাসিজ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম হোসেন গেইবপারবার বলেছেন, তেহরানকে হুমকি দেয়ার অবস্থানে নেই আমেরিকা। প্রেসিডেন্ট হাসান রুহানিকে উদ্দেশ্য করে ট্রাম্পের বাগাড়ম্বরপূর্ণ টুইটার বার্তাকে 'মনস্তাত্ত্বিক যুদ্ধ' হিসেবে আখ্যায়িত তা নাকচ করে দিয়েছেন তিনি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ২৩, ২০১৮ ১৩:৫২ Asia/Dhaka
  • বাসিজ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম হোসেন গেইবপারবার
    বাসিজ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম হোসেন গেইবপারবার

ইরানের স্বেচ্ছাসেবী সংগঠন বাসিজ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম হোসেন গেইবপারবার বলেছেন, তেহরানকে হুমকি দেয়ার অবস্থানে নেই আমেরিকা। প্রেসিডেন্ট হাসান রুহানিকে উদ্দেশ্য করে ট্রাম্পের বাগাড়ম্বরপূর্ণ টুইটার বার্তাকে 'মনস্তাত্ত্বিক যুদ্ধ' হিসেবে আখ্যায়িত তা নাকচ করে দিয়েছেন তিনি।

আজ সোমবার তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হুমকিগুলো মনস্তাত্ত্বিক যুদ্ধ ছাড়া আর কিছুই নয়। ইরানকে মোকাবেলার অবস্থানে নেই ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, 'তেহরানকে এমন শিক্ষা দেয়া হবে, ইতিহাসে খুব কমসংখ্যক লোকই এর পরিণতি ভোগ করেছে।' ইরানের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে মার্কিন প্রশাসন যখন নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তখন ট্রাম্পের পক্ষ থেকে হুমকি এল।

ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় বাসিজ প্রধান বলেন, 'ইরানি জনগণ এবং দেশের সামরিক বাহিনী শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং কিছুতেই পিছু হটবে না। আমাদের বিশ্বাস এই যে গৌরব এবং অগ্রগতির পথ হচ্ছে শত্রু এবং কপট ব্যক্তিদের মোকাবেলা করা।'

তিনি আরো বলেন, 'ইসলামি বিপ্লবের মৌলিক আদর্শ ও বিশ্বাস থেকে আমরা কখনোই দূরে সরে যাব না। আমরা বলদর্পী এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে রুখে দাঁড়াব।'#

পার্সটুডে/বাবুল আখতার/২৩