‘ইরানও তাদের স্বার্থ বিপদের মুখে ফেলবে’
-
ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জওয়ানি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র শীর্ষ পর্যায়ের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জওয়ানি বলেছেন, আমেরিকাসহ যেসব দেশ ইরানের স্বার্থ বিপদের মুখে ফেলবে তার বিরুদ্ধে প্রতিশোধ নেবে তেহরান এবং তাদের স্বার্থও সাধ্যমতো বিপদগ্রস্ত করে তোলা হবে।
ইরানের তাসনিম বার্তা সংস্থার সঙ্গে গতকাল (শনিবার) এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। জেনারেল জওয়ানি বলেন, “যদি মার্কিনিরা তাদের বলদর্পী প্রচেষ্টা অব্যাহত রাখে তাহলে জনগণের স্বার্থ রক্ষার জন্য ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের সম্ভাব্য সব রকমের সক্ষমতাকে ব্যবহার করবে।”
ইরানের তেল বিক্রি বন্ধ করার বিষয়ে মার্কিন হুমকি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে জেনারেল জওয়ানি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান একই ধরনের ‘বিশ্বাসযোগ্য’ পাল্টা ব্যবস্থা নেবে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের উপস্থিতি ছাড়া আঞ্চলিক সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব। ইরানের কৌশলগত ভূ-রাজনৈতিক অবস্থানের কারণে এটা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। ইরানের এ সেনা কর্মকর্তা বলেন, বৈদেশিক হস্তক্ষেপ এবং বাইরের কিছু দেশের কারণে আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে।
এর আগে, ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকির বিষয়ে জবাব দেয়ার জন্য তার সেনারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯