প্রতিরোধ যোদ্ধাদের আত্মত্যাগে শত্রুর ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: হাতামি
-
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, শত্রুরা মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ লেলিয়ে দিয়ে এ অঞ্চলকে স্থায়ীভাবে নিরাপত্তাহীন করতে চেয়েছিল কিন্তু প্রতিরোধ যোদ্ধাদের আত্মত্যাগের ফলে সে অশুভ প্রচেষ্টা সফল হয়নি।
তিনি শনিবার তেহরানে ইরানের শহীদ পরিবারগুলোর সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। জেনারেল হাতামি বলেন, শত্রুরা ইহুদিবাদী ইসরাইলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করার লক্ষ্যে ইরাক ও সিরিয়ার মতো দেশগুলোতে ভয়াবহ সন্ত্রাসবাদ ও গোলযোগ ছড়িয়ে দিয়েছিল।
তিনি বলেন, শত্রুরা ভেবেছিল মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সন্ত্রাসবাদ মোকাবিলায় ব্যস্ত রেখে ইসরাইলকে তার আগ্রাসী পরিকল্পনাগুলো বাস্তবায়নের সুযোগ দেয়া যাবে। কিন্তু প্রতিরোধ যোদ্ধাদের বীরোচিত ভূমিকায় সে প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।
জেনারেল হাতামি বলেন, ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবাদ চাপিয়ে দেয়ার আরেকটি উদ্দেশ্য ছিল ইরানের বিরুদ্ধে আঘাত হানা। তিনি বলেন, শত্রুরা ইসলামি বিপ্লবের বিজয় থেকে শুরু করে ইরানের বিরুদ্ধে শত্রুতা শুরু করেছে এবং এখন পর্যন্ত তা অব্যাহত রয়েছে।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ও সাম্রাজ্যবাদী শক্তিগুলোর অশুভ তৎপরতা বাস্তবায়নের পথে ইসলামি ইরান অন্তরায় হয়ে রয়েছে। এ কারণে তারা সরাসরি যুদ্ধ করতে না পেরে সন্ত্রাসবাদ লেলিয়ে দিয়ে তেহরানের ক্ষতি করা চেষ্টা করেছে। জেনারেল হাতামি আরো বলেন, এখন সন্ত্রাসবাদের পরাজয়ের পর ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরু করে শত্রুরা। এ যুদ্ধকে তিনি গত ৪০ বছরের শত্রুতার ধারাবাহিকতা বলে উল্লেখ করেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন