ইরান বিরোধী নিষেধাজ্ঞা ‘নিষ্ফল অস্ত্র’: বাহরাম কাসেমি
-
বাহরাম কাসেমি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, তার দেশের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা একটি ‘নিষ্ফল অস্ত্র’ এবং আমেরিকার জন্য একটি বাজে অভিজ্ঞতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করার নির্দেশে সই করার পর এ মন্তব্য করলেন কাসেমি।
তিনি সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতির ওপর তেমন কোনো নেতিবাচক প্রভাবে ফেলবে না। এর কারণ হিসেবে তিনি বলেন, ইরান মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ দেশ এবং এই মুহূর্তে বিশ্বের বেশিরভাগ দেশ ইরানকে সমর্থন দিচ্ছে।
বাহরাম কাসেমি বলেন, নিষেধাজ্ঞা আরোপের এই খেলায় শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প পরাজিত হবেন। ইরানের জনগণ গত কয়েক দশক যেমনভাবে আমেরিকার চাপ ও ষড়যন্ত্র প্রতিরোধ করেছে বর্তমান নিষেধাজ্ঞাকেও তেমনিভাবে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।
আলোচনার জন্য আমেরিকা ইরানের শর্ত মেনে নিয়েছে বলে কোনো কোনো গণমাধ্যম যে খবর দিয়েছে তা প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গণমাধ্যমের এ সংক্রান্ত খবর গুজব ছাড়া কিছু নয়। আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল তেহরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন