তেল পরিবহনে ইরানি জাহাজ ব্যবহার করছে চীন
-
ইরানি তেল ট্যাংকার
ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে অপরিশোধিত জ্বালানি তেল পরিবহনের জন্য ইরানি জাহাজ ব্যবহার শুরু করেছে চীন। ইরান-বিরোধী মার্কিন একতরফা নিষেধাজ্ঞার প্রভাব যাতে চীনের শোধনাগারগুলোর ওপর না পড়ে সেজন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স খবর দিয়েছে।
অজ্ঞাত পরিচয় একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরানি তেলের চীনা ক্রেতারা সরবরাহ ঠিক রাখতে ইরানের জাতীয় ট্যাংকার কোম্পানির জাহাজ ব্যবহারের পথ বেছে নিয়েছেন। মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে চীনা ক্রেতারা তাদের প্রায় সব তেল ইরানি জাহাজের মাধ্যমে চীনে নেবেন।
সূত্রটি জানিয়েছে, এশিয়ার সবচেয়ে বড় শোধনাগার ঝুহাই ঝেরং কর্পোরেশন এবং সিনোপেক গ্রুপ তাদের আইনের ধারায় নতুন অংশ যোগ করেছে যাতে তারা দীর্ঘমেয়াদে ইরানি তেল ট্যাংকার ব্যবহার করতে পারে। এজন্য আগের নির্ধারিত তেলের মূল্যও পরিবর্তন হবে। নতুন ব্যবস্থায় ইরান তেল পরিবহনের সমস্ত ঝুঁকি ও খরচ বহন করবে।
বেইজিং-ভিত্তিক একজন সিনিয়র জ্বালানি বিশেষজ্ঞের বরাত দিয়ে রয়টার্স বলছে, খুব সম্প্রতি এসব পরিবর্তন আনা হয়েছে এবং প্রায় দুপক্ষই স্বতঃস্ফূর্তভাবে এ পথ বেছে নিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২১