নিজের পরাজয় থেকে আমেরিকা যেন শিক্ষা গ্রহণ করে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i67350-নিজের_পরাজয়_থেকে_আমেরিকা_যেন_শিক্ষা_গ্রহণ_করে_ইরান
মধ্যপ্রাচ্যে গত কয়েক দশকের পরাজয়গুলো থেকে শিক্ষা নেয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে ইরান। তেহরান বলেছে, আমেরিকার কোনো হুমকিকে কখনোই ভয় বা পরোয়া করে না ইরান।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জানুয়ারি ১৫, ২০১৯ ০৩:৫৬ Asia/Dhaka
  • সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পম্পেও; এই সফরে থাকা অবস্থায় এনবিসি'কে সাক্ষাৎকার দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
    সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পম্পেও; এই সফরে থাকা অবস্থায় এনবিসি'কে সাক্ষাৎকার দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে গত কয়েক দশকের পরাজয়গুলো থেকে শিক্ষা নেয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে ইরান। তেহরান বলেছে, আমেরিকার কোনো হুমকিকে কখনোই ভয় বা পরোয়া করে না ইরান।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মার্কিন নিউজ চ্যানেল সিবিএস’কে দেয়া সাক্ষাৎকারে ইরান-বিরোধী যে বাগাড়ম্বর করেছেন তার প্রতিক্রিয়ায় একথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।

তিনি বলেন, মার্কিন কর্মকর্তারা ভুলভাবে ধারনা করেন যে, তারা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণার পরিপন্থি কাজ করে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে কিংবা এ অঞ্চলের বিভিন্ন দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারবেন।

কাসেমি আরো বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের যে কৌশলগত নীতি ইরান গ্রহণ করেছে আমেরিকার বিদ্বেষী আচরণের কারণে তা থেকে বিন্দুমাত্র সরে আসবে না তেহরান।

বাহরাম কাসেমি

পোল্যান্ডে মার্কিন উদ্যোগে অনুষ্ঠেয় ইরান-বিরোধী সম্মেলনের কথা উল্লেখ করে বাহরাম কাসেমি বলেন, আমেরিকা তার সাম্রাজ্যবাদী নীতি বাস্তবায়নের ক্ষেত্রে কখনোই অন্য কোনো দেশের জনগণের স্বার্থ রক্ষার কথা চিন্তা করেনি। তিনি একটি দেশের বিরুদ্ধে আরেকটি দেশকে উসকানি দেয়ার পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি আবারও কূটকৌশলের আশ্রয় নিয়ে ইরানকে সন্ত্রাসবাদের সমর্থক হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। তিনি মার্কিন নিউজ চ্যানেল সিবিএস’কে দেয়া এক সাক্ষাৎকারে তার ভাষায় ইরানের পক্ষ থেকে সৃষ্ট বিপদ মোকাবিলা করার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ইরানের মাধ্যমে সন্ত্রাসবাদের যে হুমকি সৃষ্টি হয়েছে তা প্রতিহত করার চেষ্টা করছে ওয়াশিংটন। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫