ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালাচ্ছে আমেরিকা: ড. রুহানি
-
ড. রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানের সঙ্গে সহযোগিতার কারণে বিভিন্ন ব্যাংক ও কোম্পানির ওপর চাপ প্রয়োগ করছে আমেরিকা, এটা সন্ত্রাসী তৎপরতা। তিনি আজ (বুধবার) মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেছেন।
রুহানি বলেন, ইরানের সঙ্গে সহযোগিতার কারণে আমেরিকা যখন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ব্যাংক ও কোম্পানিকে হুমকি দেয় এবং জরিমানার কথা বলে তখন সেটাকে সন্ত্রাসী তৎপরতা ছাড়া অন্য কিছু বলা যায় না। তবে ইরানিরা এ ধরণের অর্থনৈতিক সন্ত্রাসবাদের মোকাবেলায় বিজয়ী হবে বলে তিনি জানান।
তিনি বলেন, ইরানি জাতি কখনোই বলদর্পিতার কাছে মাথানত করে না। ইউরোপীয়দেরকে বলছি আপনারা প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করুন। কারণ আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের জন্য কল্যাণকর।
পোল্যান্ডের ওয়ারশতে ইরান বিরোধী বৈঠক এবং রাশিয়ার সোচিতে ইরানের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, দু'টি বৈঠক একই সময়ে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু দু'টি বৈঠকের ফলাফল ছিল ভিন্ন ভিন্ন। ওয়ারশ বৈঠক ব্যর্থ হয়েছে। আর সোচি বৈঠক সফল হয়েছে। সোচি বৈঠকে ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্ট অংশ নিয়েছেন।
ইরান, তুরস্ক ও রাশিয়া সোচি বৈঠকে বলেছেন, সিরিয়ায় আমেরিকা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং সন্ত্রাসীদের হয়ে কাজ করছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২০