ইরানকে ভয় দেখানোর জন্য মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নতুন কৌশল
https://parstoday.ir/bn/news/iran-i70153-ইরানকে_ভয়_দেখানোর_জন্য_মার্কিন_জাতীয়_নিরাপত্তা_উপদেষ্টার_নতুন_কৌশল
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এক বিবৃতিতে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছেন। মার্কিন সরকার যখন ইরানের সরকার ও জনগণের বিরুদ্ধে একের পর এক শত্রুতায় লিপ্ত ঠিক তখন বোল্টন এ হুমকি দিলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৬, ২০১৯ ১২:২৫ Asia/Dhaka
  • মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন
    মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এক বিবৃতিতে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছেন। মার্কিন সরকার যখন ইরানের সরকার ও জনগণের বিরুদ্ধে একের পর এক শত্রুতায় লিপ্ত ঠিক তখন বোল্টন এ হুমকি দিলেন।

জন বোল্টন তার বিবৃতিতে বলেছেন, একটি বিমানবাহী রণতরী নিয়ে গঠিত স্ট্রাইক গ্রুপ বা হামলা-সক্ষম সেনাগোষ্ঠী মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। হামলা-সক্ষম এ দলে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন এবং বোম্বার টাস্ক ফোর্স বা বোমাবর্ষণে সক্ষম একটি বিশেষ সেনাগোষ্ঠী রয়েছে। তিনি দাবি করেন, তার ভাষায়, ইরানের প্রতি পরিষ্কার এবং নির্ভুল বার্তা দেয়ার জন্য এ দলকে পাঠানো হয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হুমকি দেন ইরান যদি আমেরিকা ও তার মিত্রদের স্বার্থে আঘাত হানে তাহলে আমরাও এর কঠিন জবাব দেব। পাশাপাশি তিনি এও দাবি করেন, ইরানের সঙ্গে কোনও যুদ্ধ চায় না আমেরিকা; তবে যে কোনও ধরণের হামলা মোকাবেলার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।

পর্যবেক্ষকরা বলছেন, জন বোল্টন আসলে এসব হুমকি ও উস্কানিমূলক কথাবার্তা বলে  ইরানকে ভয় দেখানোর চেষ্টা করছেন মাত্র। তার ধারণা সামরিক হামলার হুমকি দিয়ে ইরানকে নতজানু করা যাবে। তাদের মতে, মার্কিন সেনাবাহিনীর নিয়মিত কর্মসূচি অনুযায়ীই এ বাহিনীকে মোতায়েন করা হয়েছে আর এ সুযোগে বোল্টন নিছক কিছু কথাবার্তা বলেছেন মাত্র। কিন্তু ইরান বহুবার বলেছে, তারা আমেরিকা কিংবা তার মিত্রদের যেকোনো আগ্রাসনের শক্ত জবাব দেবে।

আমেরিকার একজন সাবেক কর্মকর্তা ইলান গোল্ডেনবার্গ এ ব্যাপারে বলেছেন, "মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ পাঠানো অস্বাভাবিক কিছু নয়। বোল্টনের হুমকির পূর্বেই প্রায় এক মাস আগে নিয়মিত মোতায়েনের অংশ হিসেবে ইউএসএস আব্রাহাম লিংকন মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছিল।"

যুদ্ধবাজ হিসেবে পরিচিত জন বোল্টনকে 'গ্রুপ-বি' এর সদস্য। এই গ্রুপ যেকোনো উপায়ে ট্রাম্প প্রশাসনকে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের জন্য উৎসাহিত করার চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ফক্স নিউজকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধ কিংবা সেনা সমাবেশ করা থেকে বিরত থাকতে চাইলেও 'গ্রুপ-বি' আমেরিকাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে। ইসরাইলের নেতানিয়াহু, আমেরিকার জন বোল্ট, সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান ও সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ বিন জায়েদকে নিয়ে গ্রু-বি গঠিত।

২০১৭ সালের কৌশলগত নিরাপত্তা সনদ অনুযায়ী মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে আঞ্চলিক জোট গঠনের চেষ্টা করছে যাতে মধ্যপ্রাচ্যের ব্যাপারে ইরানের নীতিতে পরিবর্তন আনা যায়। ইরান বিরোধী এ জোটের নেতৃত্বে রয়েছে সৌদি আরব ও দখলদার ইসরাইল। #          

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৬