রাজনৈতিক বিবৃতি দিয়ে অর্থনৈতিক ধস নামানো যায় না: হেম্মাতি
-
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান আব্দুন নাসের হেম্মাতি
পার্সটুডে- যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের বক্তব্যের জবাবে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান আব্দুন নাসের হেম্মতি বলেছেন, রাজনৈতিক বিবৃতি দিয়ে অর্থনৈতিক ধস নামানো যায় না।
পার্সটুডের প্রতিবেদনে ইরানের রাষ্ট্রিয় সংবাদ সংস্থার বরাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী ইরানে ‘টাকা ছাপানো’ এবং দেশটির অর্থনীতি ধসে পড়ার পুরোনো দাবি পুনর্ব্যক্ত করেছেন। এর জবাবে আব্দুন নাসের হেম্মাতি বলেন, স্কট বেসেন্টের প্রতিশ্রুতি অনুযায়ী, গত রোববার ছিল ইরানের অর্থনীতি ধসে পড়ার জন্য নির্ধারিত দুই সপ্তাহের সময়সীমার শেষ দিন। কিন্তু নিজের দুই সপ্তাহের প্রতিশ্রুতির ফলাফল নিয়ে কথা বলার পরিবর্তে মি. বেসেন্ট ইরানে টাকা ছাপানোর প্রসঙ্গ তুলেছেন।
হেম্মাতি আরও বলেন, রাজনৈতিক অবস্থানের ভিত্তিতে নয় বরং পরিমাপযোগ্য সূচকের মাধ্যমে অর্থনৈতিক বাস্তবতা মূল্যায়ন করতে হবে।
তাঁর ভাষ্য অনুযায়ী, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, ১২ মাসের হিসাবে তারল্য বৃদ্ধির হার চলতি বছর ৫৬ দশমিক ৪ শতাংশ থেকে কমে এসেছে।
তিনি আরও দাবি করেন, মার্কিন বক্তব্যের বিপরীতে, ফার্সি গত মাসে তারল্য বৃদ্ধির হার কমে সর্বনিম্ন পর্যায়ে, অর্থাৎ ১ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে। এ ছাড়া, ইরানের কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপ করার ফলে প্রত্যাশাজনিত কারণে বিনিময় হারের যে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছিল, তা থেমে যায় এবং পরে বিনিময় হার কমতেও শুরু করে।
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান বলেন, অর্থনৈতিক চাপ একটি বাস্তবতা, যা জনগণ অনুভব করে। কিন্তু নিষেধাজ্ঞা ও হুমকি দিয়ে যেমন অর্থনৈতিক ধস প্রমাণ করা যায় না, তেমনি রাজনৈতিক বিবৃতি দিয়েও তা প্রতিষ্ঠা করা সম্ভব নয়।#
পার্সটুডে/এমআরএইচ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।