কয়েকটি দেশের দাম্ভিকতাসুলভ আচরণ ঐক্যের সুযোগকে নষ্ট করে দিচ্ছে: শামখানি
-
আলী শামখানি
ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, নিরাপত্তার স্বার্থেই বিশ্বের সব দেশকে আন্তর্জাতিক জাহাজ চলাচল বিষয়ক আইন মেনে চলতে হবে এবং এ আইন মেনে চলার ক্ষেত্রে বিশেষ কোনো দেশকে ছাড় দেবে না ইরান। তিনি তেহরান সফরকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাভির সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সহযোগিতা বিস্তার ও আঞ্চলিক নানা সমস্যা নিয়ে মতবিনিময় করার জন্য গত শনিবার তেহরান সফরে আসেন। তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক শেষে দেশটির জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের সচিব আলী শামখানির সঙ্গে সাক্ষাতে মিলিত হন। শামখানির সঙ্গে সাক্ষাতে ওমানের পররাষ্ট্রমন্ত্রী এ অঞ্চলে উত্তেজনা ঠেকাতে এবং নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা সৃষ্টি হয় এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, "সব দেশেরই উচিত হরমুজ প্রণালীর নিরাপত্তা বিধানে আন্তর্জাতিক আইন মেনে চলা এবং নিজের কিংবা অন্য দেশের ব্যবসায়িক তৎপরতা ক্ষতিগ্রস্ত হয় এমন অপ্রয়োজনীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকা।"
পর্যবেক্ষকরা বলছেন, ওমানের পররাষ্ট্রমন্ত্রী তার এ বক্তব্যের মাধ্যমে সম্প্রতি জিব্রাল্টার প্রণালীতে ব্রিটিশ নৌবাহিনীর হাতে ইরানের একটি তেল ট্যাংকার আটকের দিকে ইঙ্গিত করেছেন।
ব্রিটেন বেআইনিভাবে আন্তর্জাতিক পানিসীমা থেকে ইরানের ওই ট্যাংকার আটক করে এবং এখনো তা আটকে রেখেছে। এরপর গত ১৯ জুলাই ব্রিটেনের স্টেনা ইম্পেরো তেলবাহী জাহাজ হরমুজ প্রণালীতে প্রবেশের সময় ইরানের একটি মাছধরা নৌকাকে ধাক্কা দিলে এবং জাহাজটি বেশ কিছু আইন ভঙ্গ করায় ইরানের আইআরজিসির নৌ বাহিনী সেটাকে আটক করে। প্রথমে ইরানের নৌ বাহিনীর পক্ষ থেকে ব্রিটিশ ওই জাহাজটিকে সতর্ক করা হলেও তারা সেটিকে উপেক্ষা করে জাহাজ চলাচলের জন্য ব্যবহৃত জিপিএস ব্যবস্থাকে বন্ধ রেখে বিপজ্জনকভাবে এগোতে থাকে। ফলে ইরান সেটিকে আটকাতে বাধ্য হয়।
জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি ব্রিটিশ জাহাজ আটকের কারণ ব্যাখ্যা করে গত শুক্রবার নিরাপত্তা পরিষদকে একটি চিঠি দেয়। ইরান মনে করে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সম্মিলিত উদ্যোগে এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা উচিত। কারণ বিদেশিদের হস্তক্ষেপ এ অঞ্চলের সংকট সমাধানে কোনো ভূমিকা রাখবে না।
ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমঝোতা ও ঐক্যের ভিত্তিতে এগিয়ে চলা ইরানের প্রধান নীতি। কিন্তু এ অঞ্চলের কয়েকটি দেশের দাম্ভিকতাসুলভ আচরণ সমঝোতা ও ঐক্যের সুযোগকে নষ্ট করে দিচ্ছে এবং এ অঞ্চলকে উত্তেজনার দিকে ঠেলে দিচ্ছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রীও ইরানের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে একই দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।#
পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৮