বিদেশিরা নয়, এ অঞ্চলের দেশগুলোকেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ইরানের প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i72659-বিদেশিরা_নয়_এ_অঞ্চলের_দেশগুলোকেই_নিরাপত্তা_নিশ্চিত_করতে_হবে_ইরানের_প্রতিরক্ষামন্ত্রী
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি কাতার, কুয়েত ও ওমানের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে টেলিফোন সংলাপে এ অঞ্চলের দেশগুলোর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৯, ২০১৯ ১৩:২৪ Asia/Dhaka
  • ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি
    ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি কাতার, কুয়েত ও ওমানের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে টেলিফোন সংলাপে এ অঞ্চলের দেশগুলোর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি বলেছেন, এ অঞ্চলের দেশগুলোকেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং বিদেশিদের উপস্থিতি নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা ছাড়া আর কিছু বয়ে আনবে না। ইরানের প্রতিরক্ষামন্ত্রী পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তার অজুহাতে মার্কিন নেতৃত্বে ইরান বিরোধী সামরিক জোট গঠন ও এ জোটে দখলদার ইসরাইলের উপস্থিতির পরিণতির ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি বলেছেন, সমুদ্রে নিরাপত্তা প্রতিষ্ঠার নামে ইসরাইলের সহযোগিতায় আমেরিকা যে জোট গঠনের কথা বলছে তার ফলে কেবল এ অঞ্চলে নিরাপত্তাহীনতাকে বাড়িয়ে দেবে।

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে নিরাপত্তা রক্ষার অংশ হিসেবে ইরান সম্প্রতি তেল চোরাচালানকারী জাহাজ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ব্রিটেনের একটি তেলবাহী জাহাজ আটক করেছে। এরপর থেকে আমেরিকা এ অঞ্চলে নিরাপত্তা রক্ষার কথা বলে ইরান বিরোধী জোট গঠনের চেষ্টা করছে। এ অঞ্চলের নিরাপত্তা রক্ষায় ইরানের ভূমিকা অনস্বীকার্য এবং সমুদ্রে নিরাপত্তা বিধানের মাধ্যমে বিশ্বের অন্যত্র জ্বালানি সরবরাহের জন্য হরমুজ প্রণালীকে নিরাপদ রুটে পরিণত করেছে ইরান।

ইরান মনে করে, এ অঞ্চলের দেশগুলোর সবার সহযোগিতার মাধ্যমেই কেবল নিরাপত্তা প্রতিষ্ঠিত হতে পারে এবং বিদেশিদের উপস্থিতি বা হস্তক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কোনো ভূমিকা রাখবে না। এ কারণে তেহরান সবসময়ই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার ও আলোচনার বিষয়টিকে গুরুত্ব দিয়ে আসছে।  এমনকি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামলা না চালানোর বিষয়ে একটি চুক্তিতে উপনীত হওয়ার জন্যও প্রতিবেশী দেশগুলোর কাছে প্রস্তাব পাঠিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ সম্প্রতি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসিভুক্ত আরব দেশগুলোর সঙ্গে সহযোগিতা বিস্তারের ওপর গুরত্বারোপ করে বলেছেন, সংলাপের পরিবেশ সৃষ্টি এবং একে অপরের বিরুদ্ধে হামলা না চালানোর বিষয়ে চুক্তি না করাটা সবার জন্য ক্ষতিকর।

প্রকৃতপক্ষে, ইরান এ অঞ্চলের দেশগুলোর সুযোগ সুবিধা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং তেহরান মনে করে বিদেশিদের উপস্থিতি কারো জন্যই মঙ্গলজনক হবে না। #      

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৯