পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষায় ইরান কুণ্ঠাবোধ করবে না: জারিফ
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
কথিত ‘ইরান হুমকি’ মোকাবিলার লক্ষ্যে আমেরিকা পারস্য উপসাগরে একটি সামরিক জোট গঠনের যে চেষ্টা করছে তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এই কৌশলগত অঞ্চলে যেকোনো বহিঃশক্তির অবস্থান পারস্য উপসাগরের নিরাপত্তা বিপন্ন করবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার রাতে তার অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি পারস্য উপসাগরকে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে উল্লেখ করে বলেন, ইরান এই উপসাগরের নিরাপত্তাকে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করে এবং এর নিরাপত্তা রক্ষা করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করবে না।
ইরান হাজার হাজার বছর ধরে পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করে এসেছে জানিয়ে জারিফ বলেন, কাজেই বর্তমান স্পর্শকাতর মুহূর্তে এই উপসাগরের নিরাপত্তা রক্ষার ব্যাপারে তেহরান উদাসীন থাকবে না।
এর আগে শুক্রবার দিনের শুরুতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, পারস্য উপসাগরে তথাকথিত মার্কিন জোটে ইহুদিবাদী ইসরাইল থাকলে তা ইরানের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে গণ্য হবে এবং এ ধরণের হুমকি মোকাবেলার অধিকার তেহরানের রয়েছে।
পারস্য উপসাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে আমেরিকা যে সামরিক জোট গঠনের চেষ্টা করছে সেখানে ইহুদিবাদী ইসরাইলও থাকবে বলে খবর প্রকাশিত হওয়ার পর তিনি এ কথা বলেন। মুসাভি বলেন, এ ধরনের বিপজ্জনক পদক্ষেপের পরিণতির দায় আমেরিকা ও ইসরাইলকেই বহন করতে হবে।
তিনি আরও বলেন, সম্ভাব্য মার্কিন সামরিক জোট এ অঞ্চলে উত্তেজনা আরও বাড়াবে, তা প্রতারণা ছাড়া আর কিছু নয়। তিনি বলেন, ইরান সুস্পষ্টভাবে এ ধরনের জোট গঠনের বিরোধিতা করছে এবং যারা এই জোট গঠন করছে ও যারা জোটের সঙ্গে থাকবে তাদেরকে এই অঞ্চলের সম্ভাব্য সংকট ও উত্তেজনার মূল হোতা হিসেবে গণ্য করা হবে।#
পার্সটুডে/এমএমআই/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।