‘আঞ্চলিক দেশগুলোই পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে পারে’
-
আইআরজিসি\'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, একমাত্র আঞ্চলিক দেশগুলোই পারস্য উপসাগরীয় এলাকাযর নিরাপত্তা পরিপূর্ণভাবে নিশ্চিত করতে পারে।
তিনি বলেন, এ নিরাপত্তা অন্য কোন দেশ বা আন্তর্জাতিক কোনো জোটের পক্ষে দেয়া সম্ভব নয়। গতকাল (বৃহস্পতিবার) ইরানের পবিত্র ধর্মীয় নগরী মাশহাদে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। ইরানের শীর্ষপর্যায়ের সেনা কর্মকর্তা আরো বলেন, “আমরা বিশ্বাস করি এমন একটি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা দরকার যাতে আঞ্চলিক দেশগুলোর সবার অংশগ্রহণ থাকবে এবং এসব দেশ মনে করবে বাইরের শক্তির উপস্থিতি এখানে নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সাংঘর্ষিক।”
জেনারেল সালামি বলেন, ইরান এবং আঞ্চলিক দেশগুলোর অংশগ্রহণ ছাড়া কোনো একক দেশ বা শক্তির পক্ষে এই অঞ্চলে নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা অসম্ভব। অতীতের অভিজ্ঞতা থেকেও দেখা গেছে যে, বাইরের শক্তির উপস্থিতি শুধু এ অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে, স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে তেমন কোনো ইতিবাচক ভূমিকা রাখতে পারে নি।#
পার্সটুডে/এসআইবি/২৩