লেবানন, ইরাক ও সিরিয়ায় হামলার বিরুদ্ধে ইসরাইলকে হিজবুল্লাহর কড়া বার্তা
https://parstoday.ir/bn/news/iran-i73121-লেবানন_ইরাক_ও_সিরিয়ায়_হামলার_বিরুদ্ধে_ইসরাইলকে_হিজবুল্লাহর_কড়া_বার্তা
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইহুদিবাদী ইসরাইলকে পাল্টা হামলার হুমকি দিয়েছেন। গত কয়েক দিনে হিজবুল্লাহর অবস্থানের ওপর ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, আজ থেকে ইসরাইলি সেনাদেরকে পাল্টা হামলার সম্মুখীন হতে হবে।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
আগস্ট ২৬, ২০১৯ ১৪:৫৩ Asia/Dhaka
  • হিজবুল্লাহর নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    হিজবুল্লাহর নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইহুদিবাদী ইসরাইলকে পাল্টা হামলার হুমকি দিয়েছেন। গত কয়েক দিনে হিজবুল্লাহর অবস্থানের ওপর ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, আজ থেকে ইসরাইলি সেনাদেরকে পাল্টা হামলার সম্মুখীন হতে হবে।

২০১৭ সালে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের দখল থেকে লেবাননের জারাওয়াদ ও পশ্চিম কালামুন এলাকা উদ্ধারের দ্বিতীয় বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন। তিনি বলেন, লেবাননের সেনাবাহিনী ও হিজবুল্লাহ সিরিয়ার সেনাবাহিনীর সহযোগিতায় ওই দুটি এলাকা উদ্ধার করেছিল। ওই দুই এলাকা উদ্ধারের পর লেবাননে সন্ত্রাসীদের উপস্থিতি কিংবা সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি যা ছিল দেশটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ গতরাতে তার ভাষণে ওই দুই এলাকা উদ্ধারের গুরুত্বের কথা তুলে ধরেন।

এ ছাড়া, তিনি তার বক্তব্যে সম্প্রতি লেবাননসহ ইরাক ও সিরিয়ায় ইসলামি প্রতিরোধ বাহিনীর বিরুদ্ধে ইসরাইলি হামলার বিরুদ্ধে হুঁশিয়ার করে দিয়েছেন। গতকাল সকালে ইসরাইলের দু'টি ড্রোন লেবাননে প্রবেশ করলে হিজবুল্লাহ তা ভূপাতিত করে। হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইসরাইলি আগ্রাসনকে উপেক্ষা করার প্রশ্নই ওঠে না বরং আমরা এর শক্ত জবাব দেব। ড্রোন ভূপাতিত করার ঘটনায় ইসরাইলের এটা বোঝা উচিত বিনা জবাবে তাদেরকে ছেড়ে দেয়া হবে না।

প্রকৃতপক্ষে, ইসরাইলি আগ্রাসনের জবাবে নিষ্ক্রিয়তা তাদেরকে আরো বেপরোয়া করে তুলবে এবং প্রতিরোধ শক্তির দুর্বলতা প্রকাশ পাবে। এ কারণে হিজবুল্লাহর নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইসরাইলকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, "লেবাননের প্রতিরোধ শক্তি ইসরাইলকে আগ্রাসন চালানোর কোনো সুযোগই দেবে না।" তিনি বলেন, ইরাক ও সিরিয়ায় ইসরাইলি হামলা এবং লেবাননের আকাশ সীমা লঙ্ঘন এসবই একটির সঙ্গে অপরটির সম্পর্ক রয়েছে।

যদিও হিজবুল্লাহ নেতা লেবাননে ইসরাইলি আগ্রাসনের কঠোর জবাব দেয়ার হুমকি দিয়েছেন কিন্তু তিনি এ জবাব দেয়ার বিষয়টি কেবল লেবাননের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাননি বরং ইসরাইলের হুমকি মোকাবেলায় ইরাক, সিরিয়াসহ এ অঞ্চলের সব দেশকে সমন্বিত পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্বারোপ করেন। আরেকটি বিষয় হচ্ছে, হাসান নাসরুল্লাহ তার ভাষণে ২০০৬ সালে ইসরাইলের সঙ্গে যুদ্ধের পর তারা যে স্বাধীনতা ও সম্মান অর্জন করেছে তাকে ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, প্রয়োজনে আমরা ক্ষুধা সহ্য করতে রাজি আছি কিন্তু নিজেদের সম্মান বিক্রি করতে রাজি নই এবং আমাদের সম্মান ও মর্যাদা নিয়ে কাউকে ছিনিমিনি খেলারও সুযোগ কাউকে দেব না।

যাইহোক, সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইসরাইলকে সতর্ক করে দিয়ে বলেছেন, লেবানন কিংবা ইরাক ও সিরিয়ায় যদি ইসরাইল ফের আগ্রাসন চালায় তাহলে তাদেরকে এর জন্য চরম মূল্য দিতে হবে।#                 

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৬