কাল থেকে ইরান আরো কিছু পদক্ষেপ নেবে: প্রেসিডেন্ট রুহানির ঘোষণা
https://parstoday.ir/bn/news/iran-i73385-কাল_থেকে_ইরান_আরো_কিছু_পদক্ষেপ_নেবে_প্রেসিডেন্ট_রুহানির_ঘোষণা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশ আগামীকাল (শুক্রবার) থেকে পরমাণু সমঝোতায় দেয়া আরো কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত করেব। এটি হবে ইরানের পক্ষ থেকে পরমাণু প্রতিশ্রুতি বাস্তবায়ন কমিয়ে দেয়ার তৃতীয় পর্যায়।
(last modified 2026-07-08T06:01:06+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০১৯ ০৬:০৬ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট রুহানি
    সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশ আগামীকাল (শুক্রবার) থেকে পরমাণু সমঝোতায় দেয়া আরো কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত করেব। এটি হবে ইরানের পক্ষ থেকে পরমাণু প্রতিশ্রুতি বাস্তবায়ন কমিয়ে দেয়ার তৃতীয় পর্যায়।

২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা অনুযায়ী তেহরান যে সমস্ত সীমাবদ্ধতা মেনে আসছিল প্রেসিডেন্ট রুহানির ঘোষণা অনুযায়ী ইরান সে সমস্ত সীমাবদ্ধতার অনেক কিছুই এখন আর মানবে না।

গতরাতে ইরানের বিচার বিভাগের প্রধান সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি এবং জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানির সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট রুহানি পরমাণু সমঝোতার প্রতিশ্রুতি থেকে সরে আসার ব্যাপারে নতুন এই ঘোষণা দেন।

বিচার বিভাগের প্রধান সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি এবং জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানির সঙ্গে প্রেসিডেন্ট রুহানির বৈঠকে

গত মে মাস থেকে ইরান পরমাণু সংস্থার বেশ কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রেখেছে। প্রেসিডেন্ট রুহানি বলেন- চীন, রাশিয়া, ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন পরমাণু সমঝোতা বাস্তবায়নের ব্যাপারে কাঙ্ক্ষিত পদক্ষেপ না নেয়ায় ইরান প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে সরে আসছে। তিনি আরো বলেন, “আমরা প্রথম পদক্ষেপ নিয়েছিলাম এবং তারপর সমঝোতায় টিকে থাকা পাঁচ জাতিকে দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছিলাম। এরপর আমরা দ্বিতীয় পর্যায়ের পদক্ষেপ নিয়েছি এবং তখন আমরা তাদেরকে দুই মাস সময় দিয়েছিলাম। এই চার মাসের ভেতরে আমরা পাঁচ জাতির সাথে বহু আলোচনায় বসেছি কিন্তু তারা ইরানের জন্য কাঙ্খিত কোনো পদক্ষেপ নিতে পারে নি। ইরান যেহেতু কাঙ্খিত ফলাফল পায় নি সে কারণেই মূলত শুক্রবার থেকে তৃতীয় পর্যায়ের পদক্ষেপ নেয়া হচ্ছে।”

ইরানি পরমাণু কর্মসূচি পরিদর্শন করেন সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ

প্রেসিডেন্ট রুহানি বলেন, তৃতীয় পদক্ষেপ অনুসারে ইরানের আণবিক শক্তি সংস্থা দ্রুতগতিতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এর যে সমস্ত কাজ তা আবার শুরু করবে। তিনি বলেন, এর আওতায় ইরান নানা রকমের নতুন সেন্ট্রিফিউজ বসাবে এবং দেশের জন্য যে মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন সেই মাত্রায় অত্যন্ত দ্রুতগতিতে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করবে। তবে ইরানের কর্মসূচি আগের মতোই শান্তিপূর্ণ থাকবে বলে তিনি উল্লেখ করেন। প্রেসিডেন্ট রুহানি বলেন, “আমরা তৃতীয় পর্যায়ের পদক্ষেপ নেয়ার পরও ৫ জাতির জন্য দুই মাস সময় দেবো; এই সময়ের ভিতর যদি কোনো চুক্তি হয় তাহলে আমরা আবার পরামাণু সমেঝোতার মূল প্রতিশ্রুতিতে ফিরে আসব।”#

পার্সটুডে/এসআইবি/৫