আমেরিকার ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে: শামখানি
https://parstoday.ir/bn/news/iran-i73469-আমেরিকার_সর্বোচ্চ_চাপ’_প্রয়োগের_নীতি_সম্পূর্ণ_ব্যর্থ_হয়েছে_শামখানি
ইরানের অর্থনীতি ধ্বংস করে দেয়ার লক্ষ্যে আমেরিকার ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি। তিনি বলেছেন, ইরানি জনগণের প্রতিরোধ গড়ে তোলার মানসিকতার কাছে আত্মসমর্পনে বাধ্য হয়েছে ওয়াশিংটন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০১৯ ০২:৪৬ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি
    ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি

ইরানের অর্থনীতি ধ্বংস করে দেয়ার লক্ষ্যে আমেরিকার ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি। তিনি বলেছেন, ইরানি জনগণের প্রতিরোধ গড়ে তোলার মানসিকতার কাছে আত্মসমর্পনে বাধ্য হয়েছে ওয়াশিংটন।

শনিবার ইরানের সংসদ- মজলিসে শুরায়ে ইসলামির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন শামখানি। আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিকে পৃষ্ঠপোষকতা দেয়ায় তিনি  পশ্চিমা গণমাধ্যমের তীব্র সমালোচনা করেন।

শামখানি বলেন, ইরানি জনগণ আমেরিকার সর্বোচ্চ অর্থনৈতিক চাপ উপেক্ষা করে প্রতিরোধ গড়ে তোলার বিজ্ঞচিত সিদ্ধান্ত নিয়ে আমেরিকাকে তার লক্ষ্য অর্জনের ব্যাপারে হতাশ করে দিয়েছে।

ইরানের সংসদ- মজলিসে শুরায়ে ইসলামির অধিবেশন (ফাইল ছবি)

আমেরিকার অন্যায় নিষেধাজ্ঞার মুখোমুখি দেশগুলোকে নিয়ে ইরানের সংসদ ‘নিষেধাজ্ঞা প্রতিরোধ’ নামক যে গ্রুপ তৈরির প্রচেষ্টা চালাচ্ছে তাতে সন্তোষ প্রকাশ করেন শামখানি। তিনি বলেন, সঠিক কর্মপরিকল্পনা গ্রহণ করলে প্রতিরোধ কর্মসূচিতে সাফল্য আসবেই।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব বলেন, অতীত অভিজ্ঞতার আলোকে আমেরিকা এখন একথা উপলব্ধি করতে পেরেছে যে, হুমকি ও চাপ মোকাবিলায় ইরান উল্লেখযোগ্য সক্ষমতা অর্জন করেছে এবং যেকোনো নিষেধাজ্ঞা মোকাবিলা করার কৌশল আয়ত্ব করেছে। #

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।