‘কিছু আরব দেশ মধ্যপ্রাচ্যের বাস্তবতা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে’
https://parstoday.ir/bn/news/iran-i73607-কিছু_আরব_দেশ_মধ্যপ্রাচ্যের_বাস্তবতা_উপলব্ধি_করতে_ব্যর্থ_হয়েছে’
কিছু আরব দেশ ইরানের বিরুদ্ধে যে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছে তাকে তাদের অতীত রাজনৈতিক ভুলের পুনরাবৃত্তি বলে মন্তব্য করেছে তেহরান। মিশরের রাজধানী কায়রোয় আরব কমিটির ১২তম বৈঠকের সমাপনি বিবৃতিতে ওই অভিযোগ উত্থাপন করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০১৯ ০৪:১৭ Asia/Dhaka
  • কায়রোয় চার আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
    কায়রোয় চার আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

কিছু আরব দেশ ইরানের বিরুদ্ধে যে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছে তাকে তাদের অতীত রাজনৈতিক ভুলের পুনরাবৃত্তি বলে মন্তব্য করেছে তেহরান। মিশরের রাজধানী কায়রোয় আরব কমিটির ১২তম বৈঠকের সমাপনি বিবৃতিতে ওই অভিযোগ উত্থাপন করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, পারস্য উপসাগরের তিনটি দ্বীপের ওপর ইরানের চিরন্তন মালিকানা অস্বীকার করাসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য ইস্যুতে আরব দেশগুলো যে বিবৃতি দিয়েছে তাতে বোঝা যায়, এসব দেশ এ অঞ্চলের বাস্তব পরিস্থিতি উপলব্ধি করতে চরমভাবে ব্যর্থ হয়েছে।  

তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যের কিছু দেশ পারস্য উপসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে যাচাই-বাছাই ছাড়াই পাশ্চাত্যের ভিত্তিহীন অভিযোগ সমর্থন করে যে কথা বলছে তাও দুঃখজনক। তিনি বলেন, কিছু আরব দেশ বরাবরই এ ধরনের রাজনৈতিক ভুল করে এসেছে কিন্তু তারা অতীতের ভুল থেকে শিক্ষা নেয়নি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার কায়রোয় তাদের ১২তম বৈঠক থেকে কোনো প্রমাণ উপস্থাপন ছাড়াই আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ইরানকে অভিযুক্ত করেছেন। ইরান পারস্য উপসাগর, হরমুজ প্রণালি ও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে বলে অভিযোগ তুলে এসব মন্ত্রী তেহরানকে মোকাবিলা করার ওপর গুরুত্ব আরোপ করেন।  

চার আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা পারস্য উপসাগরের তিন দ্বীপ- তোম্বে কুচাক, তোম্বে বোযোর্গ ও বুমুসাকে ‘ইরানের দখলে থাকা আরব আমিরাতের দ্বীপ’ বলে মন্তব্য করেন। এমন সময় তারা এ মন্তব্য করলেন যখন জাতিসংঘ ওই তিন দ্বীপকে ইরানের অবিচ্ছেদ্য অংশ বলে ঘোষণা করেছে।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।